Main Menu

ঘন কুয়াশার কারনে সিলেটে নামল ঢাকার ৬টি ফ্লাইট

বৈশাখী নিউজ ডেস্ক: ঘন কুয়াশার কারনে ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ না করতে পেরে সিলেটর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ৬টি আন্তর্জাতিক ফ্লাইট।

রোববার (৪ জানুয়ারি) সকালে ঘন কুয়াশায় রানওয়ে দৃশ্যমান না থাকায় নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটগুলোকে শাহজালাল বিমানবন্দরে নামতে পারেনি। ফলে এগুলো সিলেটের ওসমানী বিমানবন্দরে অবতরণ করে।

এ তথ্য জানিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, কুয়াশার কারণে ঢাকার ৬ টি আন্তর্জাতিক ফ্লাইট আজ সিলেটে অবতরণ করেছিলো। ছয়টি ফ্লাইটের মধ্যে কুয়েত থেকে জাজিরা এয়ারওয়েজ, মাস্কাট থেকে সালাম এয়ার, দুবাই থেকে ইউএস বাংলা, দোহা থেকে কাতার এয়ারওয়েজ ও কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট আসছিল। এছাড়া আমাদের নিজস্ব আন্তর্জাতিক ফ্লাইটও আজ ছিলো। কুয়াশা কমার পর এগুলো ঢাকায় ফিরে গেছে।

তিনি বলেন, দুর্যোগের সময় ভূমিকা রাখতে পেরে আমরা খুশি।

এ ব্যাপারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ গণমাধ্যমকে জানান, কুয়াশার কারণে ৬টি ফ্লাইট সিলেট বিমানবন্দরে, ১টি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে ও ১টি ফ্লাইট ভিয়েতনামের হ্যানয় বিমানবন্দরে অবতরণ করে।

আবহাওয়া অধিদপ্তর রোববার সকাল ৭টায় এক পূর্বাভাসে জানিয়েছে, দুপুর পর্যন্ত ঢাকাসহ আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

এছাড়া বর্ধিত পাঁচদিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, আগামী দিনগুলোতে সারা দেশে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

Share





Related News

Comments are Closed