Main Menu

সিলেটে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কেনু জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কেনু কমলাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর আনুমানিক ৭টা ৩০ মিনিটে মহানগর গোয়েন্দা পুলিশ শাহপরান (রহঃ) থানাধীন মুরাদপুর বাইপাস পয়েন্টে চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় একটি সিঙ্গেল কেবিন পিকআপকে থামার সংকেত দেওয়া হলে চালক সংকেত অমান্য করে দ্রুত দক্ষিণ সুরমা থানার দিকে পালিয়ে যায়।

পরবর্তীতে ডিবি পুলিশ পিকআপটির পিছু ধাওয়া করে। একপর্যায়ে দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী ফল মার্কেটের মেসার্স সুরমা ফ্রুটস এজেন্সির সামনে পৌঁছালে অজ্ঞাতনামা চালক ও তার সহযোগী পিকআপটি রাস্তার ওপর ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়।

পুলিশ পিকআপটি তল্লাশি করে ৭৮ ক্যারেট অবৈধ ভারতীয় কেনু কমলা জব্দ করে। প্রতিটি ক্যারেটে ২০ কেজি হিসেবে মোট ১৫৬০ কেজি কেনু কমলা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১২ হাজার টাকা।

জব্দকৃত পিকআপটির বিবরণ অনুযায়ী, গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ন-১৫-৯১৩৩। উদ্ধারকৃত মালামাল ও যানবাহন জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।

এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা একটি মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Share





Related News

Comments are Closed