লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত সবুজ ইসলামের (২৯) মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাত ১০টার দিকে পাটগ্রাম উপজেলার নাজিরগোমানী সীমান্ত পিলার ৮৬৮/৩ এস এলাকা দিয়ে ভারতীয় পুলিশ মরদেহটি বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করে। এসময় স্থানীয় বিওপি ক্যাম্পের বিজিবি সদস্য, পাটগ্রাম থানা পুলিশ এবং নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।
বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোররাতে পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের শমসেরনগর সীমান্তের মেইন পিলার ৮৬৪/৫-থ্রি–এস এলাকা দিয়ে গরু পারাপারের উদ্দেশ্যে সবুজ ইসলামসহ কয়েকজন যুবক ভারতের প্রায় ৩০ গজ ভেতরে প্রবেশ করেন। ওই সময় ১৫৬ বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই মারা যান সবুজ। তার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে এলেও মরদেহটি নিয়ে যায় বিএসএফ।
ঘটনার পর বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রাতেই মরদেহটি বাংলাদেশে ফেরত দেওয়া হয়।
নিহত সবুজ ইসলাম পাটগ্রাম উপজেলার পঁচাভান্ডার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
বিজিবির তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে এবং ভারতীয় পুলিশের উপস্থিতিতে মরদেহটি আমাদের কাছে হস্তান্তর করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আমরা নিহতের বড় ভাইয়ের কাছে মরদেহ বুঝিয়ে দিয়েছি।
Related News
শরতের বিদায়বেলায় পঞ্চগড়ে সন্ধ্যা নামলেই বাড়ছে ঠান্ডা, হালকা কুয়াঁশা
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: দিনে রোদের তেজ, সন্ধ্যা নামতেই হিমেল বাতাস। রাত গভীরRead More
ট্রাকচাপায় পথচারী ২ নারী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটে ট্রাকের চাপায় ফজিলা বেগম ও জহিলা বেগম নামে পথচারী দুই নারীRead More



Comments are Closed