Main Menu

বানিয়াচংয়ে সুদের চাপ সইতে না পেরে যুবকের ‘আত্মহত্যা’

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে সুদের টাকার অসহনীয় চাপ ও আর্থিক টানাপুড়েনে এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৩টায় উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের প্রথমরেখ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মো. মোজাম্মিল মিয়া (৩২) ওই গ্রামের মৃত মো. সদর আলীর ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস ধরে মোজাম্মিল মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং প্রায়ই তিনি দুশ্চিন্তাগ্রস্ত থাকতেন। মোজাম্মিল মিয়া প্রথমে ওয়ার্কশপের ব্যবসা করতেন। পরে ব্যবসা ছেড়ে সুদের টাকার লেনদেনের সঙ্গে যুক্ত হন। এ সময় তিনি অনলাইন জুয়ার দিকেও ঝুঁকে পড়েন। এতে বিভিন্ন মহাজনের কাছ থেকে সুদে টাকা নিয়ে তিনি ক্রমেই আর্থিক সংকটে পড়তে থাকেন।

এর জেরে তিনি বুধবার বিকালে ঘরের টিনের চালের বর্গার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছেন পরিবার স্বজনরা। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই নিশ্চিত হওয়া গেছে। ময়নাতদন্তের প্রক্রিয়াকালে পরিবার ও এলাকাবাসীর অনুরোধে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

Share





Related News

Comments are Closed