Main Menu

জাবিতে ভর্তির অনলাইন রেজিস্ট্রেশন শুরু, চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত

জাবি সংবাদদাতা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির অনলাইন রেজিস্ট্রেশন কর্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে আগামী ৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান এ কার্যক্রম উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, “ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নির্বিঘ্নে রেজিস্ট্রেশন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব বিভাগকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে হবে। আগামী ৭ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে।”

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) এবছরের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালনা করবে।

আইআইটি–র পরিচালক অধ্যাপক ড. রিসালা তাসিন খান জানান, “ভর্তিপদ্ধতি সহজ, সুষ্ঠু ও প্রযুক্তিনির্ভর রাখতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।”

ভর্তি–সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (ju-admission.org)- তে পাওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তর।

অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রবসহ বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এবছরের জাবি প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা গ্রহণের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২১ ডিসেম্বর থেকে।

 

Share





Related News

Comments are Closed