Main Menu

সিলেটে ‘বজো ও তার পরিবার’ নিখোঁজ, সন্ধান দাবিতে মানববন্ধন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর জিন্দাবাজারের সিতারা ম্যানশনে সকলের প্রিয় কুকুর ‘বজো’ ও তার পরিবার নিখোঁজ হওয়ার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে এলাকাবাসী। প্রিয় পাড়া-পোষা এই কুকুরদের খোঁজ না মেলায় ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছেন প্রাণপ্রেমীরা। তাদের অভিযোগ, স্থানীয় একটি নতুন রেস্টুরেন্টের লোকজনই কুকুরগুলোকে সরিয়ে দিয়েছে বা হত্যা করেছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে জিন্দাবাজার পয়েন্ট সংলগ্ন সিতারা ম্যানশনের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

জানা গেছে, নগরীর জিন্দাবাজারের সিতারা ম্যানশন এলাকায় বহু বছর ধরে কয়েকটি পাড়া-পোষা কুকুর ছিল। স্থানীয় তরুণ-তরুণীরা নিয়মিত খাবার দিতেন, এমনকি কুকুরগুলোর রেবিস ভ্যাকসিনও দেওয়া হয়েছিল। এই কুকুর পরিবারের মধ্যে সবচেয়ে আদরের ছিল ‘বজো’। তবে প্রায় তিন সপ্তাহ আগে বজোর চারটি বাচ্চার মধ্যে দুটি হঠাৎ নিখোঁজ হয়। এরপর একে একে বজো, তার মা এবং বাকি কুকুরগুলোও উধাও হয়ে যায়।

এলাকাবাসীর দাবি- সিতারা ম্যানশনের সামনেই নতুন করে গড়ে ওঠা ‘মেহমান রেস্টুরেন্ট’ কর্তৃপক্ষ কুকুরগুলোকে সরিয়ে দিয়েছে। অভিযোগ রয়েছে, রেস্টুরেন্টের গার্ডরা স্থানীয়দের বলেছেন, কুকুরগুলোকে ইনজেকশন দিয়ে দূরে ফেলে দেওয়া হয়েছে। কেউ কেউ বলছেন, সেগুলোকে এয়ারপোর্ট এলাকার দিকে ফেলে দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দিতে পারেনি। এমনকি তাদের ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে বলে জানান স্থানীয়রা।

ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ও প্রাণপ্রেমীরা লিখিতভাবে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কাছে কুকুরগুলোর অবস্থান জানতে চেয়েছেন এবং ৭২ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার দাবি তুলেছেন।

এক প্রাণপ্রেমী তরুণ বলেন, ‘বজো আমাদের চোখের সামনে বড় হয়েছে। ওদের প্রতি আমাদের অন্যরকম ভালোবাসা। প্রাণীর প্রতি মায়া হারালে মানুষও মানুষ থাকে না।’

আয়োজকরা জানান সিলেটের সাংবাদিক, প্রাণপ্রেমী ও সাধারণ মানুষ মানববন্ধনে উপস্থিত হয়েছেন। তাদের দাবি- বজো ও তার পরিবারকে জীবিত ফেরত দিতে হবে এবং ভবিষ্যতে এমন নির্মম আচরণ আর যেন না ঘটে, তার নিশ্চয়তা দিতে হবে।

 

Share





Related News

Comments are Closed