Main Menu

বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতা পানির ট্যাংকের ভেতর থেকে আটক

বৈশাখী নিউজ ডেস্ক: বাড়ীর ছাদে পানিরট্যাংকির ভেতর থেকে ধরা পড়লেন গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও বিএনপি নেতা মো. এনামুল হক মোল্লা। একই ভবনের কমোড ও বিভিন্ন স্থান থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী।

বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টা থেকে শুরু হয়ে ভোর পর্যন্ত চলে এই অভিযান। গ্রেপ্তার এনামুল হক মোল্লা (৫০) উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের মৃত আহাদ আলীর ছেলে। তিনি মক্কা নগরীর মেছপালা বিএনপির সভাপতি ও বরমী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

গাজীপুরের শ্রীপুরে রাতভর অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র, ওয়াকিটকি, গুলি ও বিপুল সরঞ্জামসহ বিএনপি নেতা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. এনামুল হক মোল্লাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। এ সময় তাঁর সঙ্গে আরও ছয়জনকে আটক করা হয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক জানান, গোপন তথ্যের ভিত্তিতে গাজীপুর সেনানিবাসের মেজর খন্দকার মহিউদ্দিন আলমগীরের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এ সময় এনামুল হক মোল্লার বহুতল ভবনের বিভিন্ন কক্ষ তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চারটি গুলি, চারটি ওয়াকিটকি, চারটি বেটন, দুটি ইলেকট্রনিক শক মেশিন, একটি হ্যামার, একটি নীলগান ও একটি চাকু উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের সদস্যরা অংশ নেন এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল হক মোল্লা দীর্ঘ ১৫ বছর সৌদি আরবে ছিলেন। গত বছর দেশে ফিরে তিনি রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে ওঠেন এবং গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে মাঠে কাজ শুরু করেন। মনোনয়ন না পেয়ে গত সোমবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন।

তাঁর গ্রেপ্তার ও বিপুল অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এনামুল হক মোল্লা ও তাঁর সহযোগীদের জিজ্ঞাসাবাদে উদ্ধার করা অস্ত্রের উৎস এবং তাঁদের রাজনৈতিক কার্যক্রমের উদ্দেশ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।

Share





Related News

Comments are Closed