আফগানিস্তানে নারীদের পুকুরে নামা নিষেধ
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের তালেবান সরকার নারীদের ওপর নতুন এক কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। এবার থেকে নারীরা গৃহস্থালির কাজ বা ব্যক্তিগত প্রয়োজনের জন্যও খাল, পুকুর ও জলাধারে যেতে পারবেন না।
চলতি মাসের ৫ তারিখ তালেবানের সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা এই নির্দেশ দেন।
কান্দাহার প্রদেশে প্রযোজ্য এই আদেশে বলা হয়েছে, পাবলিক প্লেসে গোসল, কাপড় ধোয়া, কার্পেট পরিষ্কার এবং অন্যান্য গৃহস্থালির কাজ সম্পূর্ণ নিষিদ্ধ। আদেশ লঙ্ঘন করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
স্থানীয় নারীরা জানাচ্ছেন, তারা প্রজন্ম ধরে ঘরের ধোয়া-মোছার কাজের জন্য জলাধারের পানি ব্যবহার করতেন। সেখানে শুধু কাজই নয়, সামাজিক মেলবন্ধনও হয়ে থাকে। কাজের ফাঁকে একে অপরের সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করা হতো। নতুন নিষেধাজ্ঞার ফলে এই সামাজিক মিলনমেলার সুযোগও চলে গেছে।
এক নারী আফগান টাইমসকে বলেন, ‘এখন আমাদের ঘরের ভেতরে সীমিত পানি এবং ছোট জায়গায় গোসল করতে বাধ্য করা হয়েছে। এটি আমাদের জীবনকে সম্পূর্ণরূপে ব্যাহত করেছে। আমাদের কাছে যা ছোট স্বাধীনতা ছিল, তা কেড়ে নেওয়া হয়েছে।’
নাগরিক সমাজের কর্মী মোহাম্মদ ওয়াসিল নায়াব এই নিষেধাজ্ঞাকে ‘জনসাধারণের জীবন থেকে নারীদের অদৃশ্য করে ফেলার একটি প্রচেষ্টা’ হিসেবে উল্লেখ করেছেন।
তিনি বলেন, ‘এটি শুধু নারীর স্বাধীনতাই সীমিত করছে না, আমাদের সম্প্রদায়ের সামাজিক ও অর্থনৈতিক কাঠামোকেও ধ্বংস করছে।’
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বারবার সতর্ক করেছে, তালেবানের নীতি নিয়মতান্ত্রিক লিঙ্গ নির্যাতনের সমান।
এছাড়া তালেবান সরকার আরও এক বিধিনিষেধ জারি করেছে: নারীদের পোশাক সেলাই করতে পুরুষ দর্জি ব্যবহার করা যাবে না। গত মাসে গোপনে নারীদের কাপড় সেলাই করায় দশ দর্জিকে গ্রেফতার করা হয়েছে। উরুজগান প্রদেশে নারীরা দাঁতের চিকিৎসার ক্ষেত্রেও বঞ্চিত। প্রদেশের একজন নারী ডেন্টিস্ট না থাকায় নারীরা বাধ্য হয়ে পুরুষ ডাক্তারদের কাছে যেতে হয়।
জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রধান ডা. মোহাম্মদুল্লাহ রোহানি বলেন, ‘আমাদের প্রদেশে একজনও মহিলা দন্ত চিকিৎসক নেই। বেশির ভাগ নারী স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।’
তালেবানের এই পদক্ষেপগুলো শুধু আন্তর্জাতিক আইনই লঙ্ঘন করছে না, ইসলামী নীতিমালার সঙ্গেও সাংঘর্ষিক বলে আন্তর্জাতিক সম্প্রদায় উল্লেখ করছে।
Related News
সৌদির দাম্মাম বিমানবন্দর বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার দাম্মাম বিমানবন্দরের কার্যক্রমও বন্ধRead More
সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, ২ বাংলাদেশিসহ নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ভয়াবহ এক হামলাRead More



Comments are Closed