Main Menu

ছুটি না নিয়ে বিদেশে শিক্ষক, সিলেটে ১৬৩ জনের বিরুদ্ধে ব্যবস্থা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষক মাসের পর মাস ছুটি না নিয়ে বিদেশে চলে যাচ্ছেন। ইউরোপ, আমেরিকা, কানাডাসহ বিভিন্ন দেশে পরিবার নিয়ে পাড়ি জমানোর ফলে স্কুলে শিক্ষক শূণ্যতা দেখা দিয়েছে এবং পাঠদান ব্যাহত হচ্ছে।

সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১৬৩ জন শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ১৪০ জনের মামলা নিষ্পত্তি হয়েছে এবং অধিকাংশকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বাকিদের বিরুদ্ধে মামলা এখনও চলমান রয়েছে।

প্রাথমিক শিক্ষা অফিসের ২১ মাসের তথ্য অনুযায়ী, ৬০ দিনের বেশি অনুপস্থিত শিক্ষকের সংখ্যা উপজেলার ভিত্তিতে বেশি হয়েছে বিশ্বনাথে ২৪ জন ও বিয়ানীবাজারে ২০ জন।

অন্য উপজেলাগুলোতে সিলেট সদরে ১৬ জন, বালাগঞ্জে ১১ জন, ফেঞ্চুগঞ্জে ৪ জন, গোলাপগঞ্জে ১২ জন, জকিগঞ্জে ১৬ জন, কানাইঘাটে ৭ জন, জৈন্তাপুরে ৪ জন, গোয়াইনঘাটে ১০ জন, কোম্পানীগঞ্জে ১ জন, দক্ষিণ সুরমায় ১৮ জন এবং ওসমানীনগরে ২০ জন।

সূত্র জানায়, শিক্ষকরা চাকরি থেকে ইস্তফা না দিয়ে ভ্রমণ বা কাজের ভিসায় বিদেশে চলে যাওয়ায় অনেক স্কুলে শিক্ষক সংকট দেখা দিয়েছে। পদশূণ্যতার কারণে নতুন শিক্ষক নিয়োগও সম্ভব হচ্ছে না।

সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পরিচালক শাখাওয়াত এরশেদ গণমাধ্যমকে বলেন, ‘ছুটি ছাড়া ৬০ দিনের বেশি অনুপস্থিত শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়। ২০২৪-২৫ সালে এ ধরনের অভিযোগে ১৬৩ জন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। চাকরিচ্যুত করা হলেও জরিমানা করার কোনো বিধান নেই। বর্তমানে জেলায় প্রধান শিক্ষকের ৭৮৮টি ও সহকারী শিক্ষকের ৭৫০টি পদ শূণ্য রয়েছে।’

প্রসঙ্গত, গত কয়েক বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বিদেশে যাওয়ার প্রবণতা বেড়েছে। কেউ পরিবার নিয়ে ভ্রমণ ভিসা বা কাজের ভিসায় ইউরোপ, আমেরিকা ও কানাডায় যাচ্ছেন, কেউ স্বল্পমেয়াদী ছুটি নিয়ে দেশ ছাড়ছেন। ফলে স্কুলে পাঠদান দীর্ঘদিন ব্যাহত হচ্ছে।

Share





Related News

Comments are Closed