Main Menu

জকিগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ধানক্ষেতে মিলল লাশ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় তিন দিন ধরে নিখোঁজ থাকা এক মুদি দোকানদারের মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়েছে।

নিহত নুমন উদ্দিন (৫০) উপজেলার মানিকপুর ইউনিয়নের পূর্ব মানিকপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

বুধবার (১ অক্টোবর) বিকেলে কালীগঞ্জ বাজার সংলগ্ন শায়লা সিটি হসপিটালের পিছনে একটি ধানক্ষেতে তার মরদেহ দেখতে পান এলাকাবাসী।

পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে নোমান উদ্দিন বাড়ি থেকে বের হয়ে কালিগঞ্জ বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠান খোলার পর আনুমানিক ১১টার দিকে শায়লা স্মৃতি হাসপাতালে যান।

এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করা হয় পরিবারের পক্ষ থেকে। তবে এরমধ্যে অজ্ঞাত একটি নম্বর থেকে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় বলেও জানিয়েছেন পরিবারের লোকজন।

বুধবার বিকেলে তারা খবর পান লাশ শায়লা স্মৃতি হাসপাতালের পেছনের ধানক্ষেতে পড়ে আছে। নোমান উদ্দিনের সঙ্গে তার চাচাতো ভাইদের পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ ছিলো বলে দাবী করেন পরিবারের লোকজন।

মুক্তিপণ দাবির প্রসঙ্গে তারা বলেন, একটি অচেনা নাম্বার থেকে ২ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। তারা বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী মনোয়ারা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা খুনিদের বিরুদ্ধে মামলা করবেন। তারা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে করছেন।

নিহতের শ্যালক সুমন আহমদ বলেন- ‘তিন দিন ধরে কোনো খোঁজ না পেয়ে আজ বুধবার সিলেট র‌্যাব অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় খবর পেলাম, বোনের স্বামীর মরদেহ ধানক্ষেতে পড়ে আছে।’

তিনি আরও জানান, খবর পেয়ে জকিগঞ্জ থানায় যোগাযোগ করা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, ব্যবসায়ী নোমান উদ্দিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের দাবি জানিয়েছেন।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না রাত ৯টায় জানান, “ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করে তদন্ত চলছে। এখনো কাউকে আটক করা হয়নি। রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।”

 

 

 

 

 

Share





Related News

Comments are Closed