কাতারে হামলা চালিয়েছে ইসরায়েল, পরিস্থিতি উত্তপ্ত
আন্তর্জাতিক ডেস্ক: কাতারের রাজধানী দোহায় কয়েক দফা হামলা চালিয়েছে ইসরায়েল। বিস্ফোরণগুলোকে কেন্দ্র করে শহরের কিছু এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইসরায়েলের বিমান হামলায় কেঁপে ওঠে দেশটি। ইসরায়েলি একটি সূত্র জানিয়েছে, হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে একজন ইসরায়েলি কর্মকর্তা নিশ্চিত করেছেন, হামাস নেতাদের লক্ষ্য করে দোহায় একটি হামলা চালিয়েছে ইসরায়েল।
অপরদিকে, অ্যাক্সিওস-এর সাংবাদিক বারাক রাভিদও ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছেন, দোহার বিস্ফোরণ একটি টার্গেটেড হত্যা প্রচেষ্টা—যার লক্ষ্য ছিলেন হামাসের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার বিষয়টি নিশ্চিত করে জানায়, ইসরায়েলের বিরুদ্ধে ৭ অক্টোবর পরিচালিত হামলার মূল পরিকল্পনাকারী এবং দায়ী কয়েকজন শীর্ষ নেতা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এসব ব্যক্তি বহু বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং চলমান যুদ্ধের নেতৃত্ব দিয়ে আসছিলেন।
তবে আইডিএফ তাদের বিবৃতিতে কাতারের নাম সরাসরি উল্লেখ করেনি।
ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, হামলার সময় বৈঠকস্থলে হামাসের অন্যতম প্রধান নেতা খালেদ মাশাল উপস্থিত ছিলেন। ১৯৯৭ সালে জর্ডানে তাকে হত্যাচেষ্টা চালিয়েছিল ইসরায়েল।
আলজাজিরা জানায়, উক্ত বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত সর্বশেষ যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করার কথা ছিল হামাস নেতাদের।
দখলদার ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, হামাসের রাজনৈতিক শাখার কয়েকজন সদস্যকে লক্ষ্য করে আবাসিক ভবনে হামলা চালানো হয়েছে। এ ধরনের অপরাধমূলক হামলা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির চরম লঙ্ঘন। এটি কাতারের নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।
Related News
মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭Read More
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More



Comments are Closed