Main Menu

গোয়াইনঘাটে মাছের সাথে এ কেমন শত্রুতা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে মাছের পুকুরে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার মাছ মরে গেছে বলে জানিয়েছেন পুকুরের মালিক।

ঘটনাটি ঘটেছে রবিবার (৩১ জুলাই) পশ্চিম জাফলং ইউনিয়নের তারুখাল গ্রামে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

ভুক্তভোগী ফয়জুর রহমান (৫৬) জানান, তিনি দীর্ঘ ২০/২৫ বছর ধরে পুকুরে মাছের চাষ করছেন। দুই বিঘা আয়তনের ওই পুকুরে নিয়মিত পোনা ফেলে পরিচর্যা এবং বিক্রয় করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু দীর্ঘদিন ধরে একই গ্রামের কিছু ভূমিদস্যু তার পুকুর ও বসতভিটা দখলের পাঁয়তারা চালাচ্ছিল।

ফয়জুর রহমানের অভিযোগ, ৩১ আগস্ট দুপুর আড়ােইটার দিকে মাসুম আহমদ, হারুন মিয়া, আব্দুল খালিক, রেজাউল ইসলাম রাজু, ফখরুল ইসলাম, তৈয়বুর রহমান, মিছির আলীসহ আরও কয়েকজন সশস্ত্র অবস্থায় তার বসতবাড়িতে প্রবেশ করে। তারা বাড়ির সীমানা পিলার, বাঁশের বেড়া ও গাছপালা ভাঙচুর করে। এতে প্রায় এক লক্ষ টাকার ক্ষতি হয়।

পরে, মাসুম আহমদ তার হাতে থাকা বিষাক্ত তরল পদার্থ পুকুরে ঢেলে দেয়। মুহূর্তের মধ্যেই পুকুরের বিভিন্ন প্রজাতির মাছ পানির ওপর ভেসে উঠে মারা যায়। এতে প্রায় পনেরো লক্ষ টাকার মাছ নষ্ট হয়ে গেছে বলে দাবি করেছেন ফয়জুর রহমান।

এসময় তার ভাই হবিবুর রহমান বাধা দিতে গেলে তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা করা হয়। প্রাণভয়ে তিনি দৌড়ে ঘরে গিয়ে দরজা-জানালা বন্ধ করে আত্মরক্ষা করেন।

ফয়জুর রহমান বলেন-এরা দীর্ঘদিন ধরে আমাকে ও আমার পরিবারকে ক্ষতি করার চেষ্টা করছে। স্থানীয়ভাবে বহুবার সমাধানের চেষ্টা করেছি, কিন্তু কোন ফল হয়নি। উল্টো তারা আরও ক্ষিপ্ত হয়ে আমার জীবন-জমি হুমকির মুখে ফেলে দিয়েছে। এখন আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

স্থানীয়রা জানান, প্রকাশ্য দিবালোকে বিষ ঢেলে মাছ মেরে ফেলার এমন ঘটনা নজিরবিহীন। তারা দাবি করেছেন, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন-ঘটনার সময় প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফয়জুর রহমান ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে জানিয়েছেন, দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক।

Share





Related News

Comments are Closed