Main Menu

সিলেট সীমান্তে ভারতীয় গরু ও চোরাই পণ্য জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় কয়লা, সুপারী ও গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ১৯ বিজিবির এক প্রেস রিলিজে জানানো হয়, বুধবার দিবাগত রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) দায়িত্বাধীন জৈন্তাপুর উপজেলার গুয়াবাড়ী বিওপি’র একটি আভিযানিক টহল দল সীমান্তের শূন্য লাইন থেকে ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ময়নাবস্তি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১০টি গরু জব্দ করে। জব্দকৃত গরুগুলোর সিজারমূল্য ৮ লক্ষ টাকার সমপরিমাণ।

অপর অভিযানে রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বিওপি’র একটি আভিযানিক টহলদল সীমান্তের শূন্য লাইন থেকে ১.৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাংঘিল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় সাড়ে তিন হাজার পিস ভারতীয় সুপারী জব্দ করে। জব্দকৃত পণ্যের সিজারমূল্য ১৭ হাজার ৫০০ টাকার সমপরিমাণ বলে জানা যায়।

এ ছাড়াও বুধবার বিকেল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লালাখাল বিওপি’র একটি আভিযানিক টহলদল সীমান্তের শূন্য লাইন থেকে ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাগছড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২ হাজার ২৫০ কেজি কয়লা জব্দ করে। জব্দকৃত পণ্যের আনুমানিক সিজারমূল্য ৬৭ হাজার ৫০০ টাকার সমপরিমাণ।

বিজিবি সূত্রে জানা যায়, এসব অভিযানের মাধ্যমে জব্দকৃত পণ্যের সর্বমোট সিজারমূল্য ৮ লক্ষ ৮৫ হাজার টাকার সমপরিমাণ।

এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার পিএসসি বলেন, ১৯ বিজিবি কর্তৃক সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালানবিরোধী অভিযান চলমান রয়েছে এবং এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed