Main Menu

সাদাপাথর লুটের ২৫ লাখ ঘনফুট পাথর উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে লুট হওয়া পাথরের মধ্যে ২৫ লাখ ঘনফুট জব্দ করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (২৪ আগস্ট) পর্যন্ত প্রশাসনের হিসাব অনুযায়ী, জব্দ হওয়া পাথরের মধ্যে প্রায় ১২ লাখ ঘনফুট ডাম্পিং স্ট্যান্ডে পৌঁছেছে।

প্রশাসনের তথ্য মতে, জব্দকৃত এসব পাথরের একটি অংশ পর্যায়ক্রমে পুনঃস্থাপন করা হচ্ছে। ইতিমধ্যে আনুমানিক সাড়ে ৪ লাখ ঘনফুট পাথর পুনঃস্থাপন করা হয়েছে।

একই দিনে (২৪ আগস্ট) নতুন করে আরও ৮৫ হাজার ঘনফুট পাথর ডাম্পিং স্ট্যান্ডে আনা হয় এবং প্রায় ৪৫ হাজার ঘনফুট পুনঃস্থাপন সম্পন্ন হয়। বর্তমানে প্রায় ৮ লাখ ৫০ হাজার ঘনফুট পাথর জব্দস্থানে নিরাপদে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।

পাথর-সংক্রান্ত পরিসংখ্যান দিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিন মিয়া জানান, ’উপজেলায় অবৈধভাবে উত্তোলিত পাথরের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। ইতিমধ্যে বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়েছে এবং এগুলো সঠিকভাবে সংরক্ষণ ও পুনঃস্থাপনের কাজ চলছে। নতুন করে যেসব মালামাল ডাম্পিং স্ট্যান্ডে আসছে, সেগুলোকেও যথাযথভাবে রাখা হচ্ছে।’

প্রশাসনের কর্মকর্তারা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সাদাপাথর ও আশপাশের এলাকায় চিহ্নিত চক্র অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর লুট করে।

বর্তমানে অভিযানে গতি বাড়ানো হয়েছে। সঠিকভাবে জব্দ পাথরের সংরক্ষণ ও পুনঃস্থাপন কার্যক্রমের ফলে পরিবেশ রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

Share





Related News

Comments are Closed