Main Menu

ঈশ্বরগঞ্জে কিশোরীকে কুপিয়ে জখম, গ্রেফতার ৩

হোছাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিয়ে ও প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কিশোরীকে (১৫) কুপিয়ে গুরুতর জখম করেছে ইয়াসিন মিয়া (২০) ও তার সহযোগীরা।

গত বুধবার (২০ আগস্ট) রাতে উপজেলার মাঝিয়াকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

আহত কিশোরীকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় কিশোরীর বড় ভাই বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে সবুজ মিয়া (৩০), সুলতান মিয়া (২৮) ও নয়ন মিয়া (২৪) কে গ্রেফতার করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ইয়াসিন ওই কিশোরীকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু বয়স কম হওয়ায় পরিবার তা প্রত্যাখ্যান করে। এতে ক্ষুব্ধ হয়ে বুধবার রাতে ইয়াসিন ধারালো অস্ত্র দিয়ে কিশোরীর মুখ, গলা, হাত ও পায়ে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান জানান, মামলা রুজু হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Share





Related News

Comments are Closed