Main Menu

পিডিবির সাবেক প্রধান প্রকৌশলী শহীদুল আলমের ৬ বছরের কারাদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক প্রধান প্রকৌশলী শহীদুল আলমের ছয় বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (২০ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকরিয়া হোসেন এ রায় ঘোষণা করেন।

এর মধ্যে সম্পদের তথ্য গোপনের দায়ে দুদক আইনের ২৬(২) ধারায় তিন বছরের কারাদণ্ডের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের দায়ে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়, যা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

দুই ধারায় সাজা একত্রে চলবে বিধায় তাকে সর্বোচ্চ তিন বছরের সাজা ভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়। আসামি জেল হাজতে থাকায়, ফৌজদারি কার্যবিধির ৩৫৭ ধারা অনুযায়ী সেই সময়সীমা মূল সাজার মেয়াদ থেকে বাদ যাবে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফকির মো. জাহিদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া আদালত তার অর্জিত অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন। এদিন রায় ঘোষণার সময় শহীদুল আলম আদালতে উপস্থিত ছিলেন এবং সাজা ঘোষণার পরে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, শহীদুল আলম সম্পদের তথ্য বিবরণীতে ২৪ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকার তথ্য গোপন করেন এবং সরকারি দায়িত্ব পালনকালে তা অবৈধভাবে অর্জনের অভিযোগে দুদকের তৎকালীন উপ-পরিচালক এস এম এম আখতার হামিদ ভূইয়া বাদী হয়ে ২০১৭ সালের ২৫ অক্টোবর রাজধানীর রমনা থানায় মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৮ সালের ১৪ নভেম্বর শহীদুল আলমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ও বাদী এস এম এম আখতার হামিদ। পরে ২০১৯ সালের ২৫ জুন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে আদালত ১৩ জনের সাক্ষ্যগ্রহণ করেন।

 

Share





Related News

Comments are Closed