সিলেটের ঈদগাহ-ইকোপার্ক সড়কের আরসিসি ঢালাইয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর টিলাগড়স্থ শাহ মাদানী ঈদগাহ হতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় হয়ে ইকোপার্ক পর্যন্ত সড়কের আরসিসি ঢালাই ও ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯টায় ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খান মো. রেজা-উন-নবী বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, টিলাগড় ইকোপার্ক, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, যুব প্রশিক্ষণ কেন্দ্র ও দুগ্ধ খামারসহ নানা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চলাচলের এই সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলায় ছিল। রাস্তাটি বেহাল অবস্থায় পড়ায় শিক্ষক, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। জনস্বার্থ বিবেচনায় শাহ মাদানী ঈদগাহ থেকে সিকৃবি হয়ে ইকোপার্ক পর্যন্ত সড়কটি আরসিসি ঢালাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। ইনশাআল্লাহ দ্রুতই কাজ সম্পন্ন হবে। এতে এলাকাবাসী, পর্যটক এবং শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি ফিরবে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন,সিলেট একটি পর্যটন ও শিক্ষানগরী। এই সড়কের আশপাশে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। নাগরিক সুবিধার কথা বিবেচনা করে সড়কটির উন্নয়নে আমরা উদ্যোগ নিয়েছি। বর্তমানে সড়কটি ১২ থেকে ১৫ ফুট প্রশস্ত; এটি ২৪ ফুটে উন্নীত করা হবে। সড়কের দুই পাশে ৬ ফুট চওড়া ফুটপাত থাকবে। লাইটিং, গাছ লাগানো ও সৌন্দর্যবর্ধনের কাজও করা হবে। আমরা চাই, এই এলাকা নগরবাসীর প্রশান্তির একটি স্থানে পরিণত হোক।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম, সিটি করপোরেশনের সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, সিকৃবির ট্রেজারার প্রফেসর ড. এটিএম মাহবুব-ই-এলাহী, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. সামিউল আহসান তালুকদার, সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া সুলতানা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, সহকারী প্রকৌশলী রাজ উদ্দিন, অংশুমান ভট্টাচার্য প্রমুখ।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সিটি করপোরেশনের প্রশাসক ও কর্মকর্তারা নগরীর ইসলামপুর মেজরটিলাস্থ টেক্সটাইল রোডে নির্মাণাধীন আরসিসি সড়ক এবং খাদিমপাড়ায় সিসিকের আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেন।
Related News
সিলেটে ডিবি’র ধাওয়ায় নদীতে পড়ে রিকশাচালকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ডিবি পুলিশের ধাওয়া দেখে ভয়ে দৌঁড়াতে গিয়ে সুরমা নদীতে পড়ে জজRead More
বিষপান করে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমঘটিত কলহের জেরে কীটনাশক পান করে চিকিৎসাধীন থাকা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed