সিলেটে পৃথক অভিযানে ১ কোটি ৫ লাখ টাকার ভারতীয় মহিষ জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বর্ডার গার্ড বাংলাদেশ, জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) দুটি পৃথক অভিযানে ৬৫টি ভারতীয় মহিষ জব্দ করা হয়েছে। জব্দকৃত মহিষগুলোর বাজারমূল্য প্রায় ১ কোটি ৫ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
রোববার (১৩ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ ব্যাটালিয়নের আওতাধীন গুয়াবাড়ী বিওপির একটি আভিযানিক টহলদল জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্ত শূন্যরেখা থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চালানো এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪৫টি ভারতীয় মহিষ জব্দ করা হয়। এসব মহিষের বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৭৫ লাখ টাকা।
অন্যদিকে, সোমবার (১৪ জুলাই) ভোরে জৈন্তাপুর বিওপির একটি টহলদল জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় অভিযান চালিয়ে আরও ২০টি ভারতীয় মহিষ জব্দ করে। এই মহিষগুলোর আনুমানিক বাজারমূল্য ৩০ লাখ টাকা।
বিজিবি জানায়, দুটি অভিযানে মোট ৬৫টি ভারতীয় মহিষ জব্দ করা হয়, যার মোট বাজারমূল্য ১ কোটি ৫ লাখ টাকা।
এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. মঈনুল আলম জানান, সীমান্তে নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং অভিযান আরও জোরদার করা হয়েছে। চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান চলমান থাকবে।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed