শাবিপ্রবিতে ২০ মে বাংলাদেশ-চায়না টি সামিট
বৈশাখী নিউজ ডেস্ক: চা বাগান মালিক, উদ্যোক্তা ও রপ্তানিকারকদের অংশগ্রহণে সিলেটে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ-চায়না টি সামিট ২০২৫’। আগামী ২০ মে (মঙ্গলবার) সকাল ৯টা ৩০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিউ সোশ্যাল সায়েন্স বিল্ডিংয়ে উক্ত সামিট অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধীনস্থ চাইনিজ কর্নার ও ঢাকাস্থ চীনা দূতাবাসের যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ ও চীনের মধ্যে চা বাণিজ্য ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে এই ব্যতিক্রমধর্মী সামিটের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “বাংলাদেশ-চীন চা বাণিজ্য ও সহযোগিতা উন্নয়ন”। সামিটে চীন থেকে ১২ জন চা ব্যাবসায়ী এবং উদ্যোক্তা অংশ নিবেন। সামিটে অংশগ্রহণের মাধ্যমে দেশি চা ব্যবসায়ীরা চীনা উদ্যোক্তা ও আমদানিকারকদের সামনে সরাসরি নিজেদের পণ্য তুলে ধরার সুযোগ পাবেন। এতে করে চীনের বাজারে বাংলাদেশি চায়ের সম্ভাবনা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করা যাবে।
উদ্যোক্তারা মনে করছেন, এই সামিট স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চা বাণিজ্যে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। অংশগ্রহণকারীরা চা রপ্তানিতে ব্যবসায়ী টু ব্যাবসায়ী নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি আমদানি-রপ্তানি পদ্ধতি সহজীকরণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও পাবেন। বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকদের উপস্থিতিতে আলোচনা হবে প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা, বাজার সম্প্রসারণ কৌশল, সরকারি নীতিমালার সুবিধা ও চ্যালেঞ্জ নিয়ে।
সামিটে অংশগ্রহণকারীদের জন্য থাকবে স্টল প্রদর্শন এবং বিভিন্ন রকমের চা পানের সুযোগ। প্রতিটি স্টলের আকার নির্ধারণ করা হয়েছে ৮ ফুট বাই ৬ ফুট। স্টলের সঙ্গে থাকবে দুটি টেবিল, তিনটি চেয়ার, বৈদ্যুতিক সকেট, লাইটিং এবং একটি স্ট্যান্ড ফ্যান। রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ২০০০ টাকা এবং রেজিস্ট্রেশনের শেষ সময় ৫ মে ২০২৫। অংশগ্রহণকারীরা পাবেন আকর্ষণীয় গিফট ব্যাগ ও লাঞ্চ প্যাক। সামিটে চা শিল্পের উপর কয়েকটি একাডেমিক সেশনেরও আয়োজন করা হয়েছে।
বাংলাদেশের সকল চা বাগান মালিক, উদ্যোক্তা ও রপ্তানিকারকদের এই সামিটে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে। এই আয়োজন শুধু একটি প্রদর্শনী নয় বরং একটি বৃহৎ সম্ভাবনার মঞ্চ। যেখানে দেশি চা শিল্প আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ পাবে।
রেজিস্ট্রেশন বা অন্যান্য তথ্যের জন্য মি. বোরহান এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। যিনি এই আয়োজনের দায়িত্বে রয়েছেন। যোগাযোগ নম্বর: ০১৮৭৬-৯৩৭৫৬৬। ইমেইল: chinesecorner-pss@sust.edu
বাংলাদেশ-চায়না টি সামিট ২০২৫ চা শিল্পের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করে এ ব্যাপারে চায়নিজ কর্নারের সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোঃ সাহাবুল হক বলেন, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জ রয়েছে প্রায় দেড়শ চা বাগান। এই সামিটের মাধ্যমে এই এলাকার চা ব্যাবসায়ীদের সাথে চীনের চা ব্যাবসায়ীদের একটি যোগসূত্র স্থাপিত হবে। এটি বাংলাদেশ এবং চীনের চা বাগান মালিক, উদ্যোক্তা ও রপ্তানিকারকদের জন্য বড় সুযোগ। এই ধরণের উদ্যোগ সিলেটে এই প্রথম। এই সুযোগ কাজে লাগানো উচিৎ।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed