Main Menu

ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর-লুটপাট, সিলেট মহানগর জামায়াতের নিন্দা

বৈশাখী নিউজ ডেস্ক: ফিলিস্তিনে ইসরাইলী গণহত্যার প্রতিবাদে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল থেকে বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। এই ধরণের অপকর্মের সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের দাবী জানান তারা।

সোমবার এক বিবৃতিতে সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেন, ফিলিস্তিনে দখলদার ইসরাইলী কর্তৃক ইতিহাসের নৃশংসতম গণহত্যা চলছে। এর প্রতিবাদে সিলেট নগরীতে বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। কিন্তু দুঃখজনক বিষয় হলো তৌহিদী জনতার ব্যানারে মিছিল বের করে কতিপয় উচ্ছৃঙ্খল দুর্বৃত্তরা নগরীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা-ভাংচুর ও লুটপাট চালিয়েছে। এসব দুর্বৃত্তরা কোনভাবেই তৌহিদী জনতার কাতারে পড়েনা। ইসলাম শান্তির ধর্ম, কারো ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকে ইসলাম সমর্থন করেনা। ভাংচুরকৃত সকল প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা রয়েছে। এসব সিসি ক্যামেরার ভিডিও ও ছবি দেখে হামলা-ভাংচুর ও লুটপাটে জড়িতদের চিহ্নিত অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

নেতৃবৃন্দ বলেন, ধর্মপ্রাণ মানুষের আবেগকে পুঁজি করে একটা গোষ্ঠী মব সৃষ্টির মাধ্যমে ধর্মীয় সংগঠন, রাজনৈতিক দল ও সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছে। এদেরকে কঠোর হস্তে দমন করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর প্রতি জোর দাবী জানাচ্ছি। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed