Main Menu

সিলেট আওয়ামী লীগের সাবেক ২ কাউন্সিলরের বাসায় হামলা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক দুই কাউন্সিলরের বাসায় হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় নগরীর ৭ ও ৩২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের বাসায় এই হামলার ঘটনা ঘটে।

জানা যায়, নগরীর মেজরটিলা এলাকায় অবস্থিত ৩২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রুহেল আহমদের বাসায় হামলা চালানো হয়।

সন্ধ্যা সাতটার দিকে রুহেলের বাসায় হামলার সময় তাঁর মা ও বোন বাসায় ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

এদিকে, একই সময়ে ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খানের বাসায়ও হামলা চালানো হয়েছে।

এ ব্যাপারে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খানের বাসায় হামলার খবর পেয়েছি। তবে কে বা কারা হামলা করেছে তা এখনো জানা যায়নি।

শাহপরান থানার ওসি (তদন্ত) রসুল সামদানী আজাদ আপেল বলেন, সাবেক কাউন্সিলর রুহেল আহমদের বাসায় হামলার খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় এখনো থানায় কেউ কোন অভিযোগ দেয়নি।

এদিকে, বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শফিউল আলম চৌধুরী নাদেল এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসাতেও হামলা হয়েছে। হামলাকারীরা তাদের বাসার বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করেছেন। এ নিয়ে একই সময়ে সিলেটের ৪ আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতার বাসায় হামলার ঘটনা ঘটলো।

 

Share





Related News

Comments are Closed