Main Menu

গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে আরেক যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: ভারতীয় খাসিয়ার গুলিতে সিলেট সীমান্তে আরেক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি দমদমিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সবুজ মিয়া (২০) গোয়াইনঘাটের ভিতরগুল পাহাড়তলী গ্রামের আবুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, দমদমিয়া সীমান্তের ১২৬১ নম্বর পিলারের প্রায় ২০০ গজ ভারত সীমান্তের অভ্যন্তরে সবুজ মিয়ার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা বিজিবি ও পুলিশকে খবর দেন।

স্থানীয় সাবেক ইউপি সদস্য ফারুক আহমদ জানান, ‘সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে জানা যায় দমদমীয়া সীমান্তে পাহাড়তলী এলাকায় সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে খাসিয়াদের গুলিতে সবুজ মিয়া মারা গেছেন। মরদেহ সীমান্তের ওপারে পড়ে আছে। বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়েছে।’

স্থানীয় বাসিন্দা আলা উদ্দিন জানান, ‘সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে খাসিয়াদের গুলিতে সবুজ মিয়া মারা গেছেন বলে সন্ধ্যার সময় জানতে পেরেছি। ধারণা করা হচ্ছে গরু চোরাচালানের জন্য তিনি সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন।’

দমদমিয়া বিওপির সুবেদার মিজানুর রহমান বলেন, রাত ৭টার দিকে স্থানীয় লোকজনের কাছ থেকে জানা গেছে সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশী যুবকের লাশ পড়ে আছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বি‌জি‌বি সূত্র জানায়, শুক্রবার সন্ধ‌্যা সাতটার দিকে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী ভিতরগুল গ্রামের সবুজ মিয়াসহ কয়েকজন ভারতের ভেতরে খাসিয়াদের এলাকায় যান। তাঁদের মধ‍্যে দ্বন্দ্বের একপর্যায়ে ভারতীয় খাসিয়ারা বন্দুক দিয়ে ছররা গুলি ছোড়ে। এতে সবুজ মিয়া গুলিবিদ্ধ হন। তাঁর দেহ ভারতের ভেতরে থেকে যায়। ঘটনাটি ভারতের সীমান্ত পিলার ১২৬১ থেকে আনুমানিক ২০০ গজ ভেতরে ঘটেছে। বি‌জি‌বির সদস‌্যরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পিলারের কাছে যান। তখন সবুজ মিয়ার পরিবারের সদস‍্যরা বিজিবি টহল দলকে জানান যে বিকেল থেকে সবুজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। রাত পৌনে ১২টার দিকে সীমান্তের বাংলাদেশ অংশের ভেতরের জঙ্গলে সবুজের সহযোগীরা তাঁর লাশ নিয়ে আসেন। পরিবারের সদস‌্যরা তখন বিষয়টি বিজিবি ও পুলিশকে জানান।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমদ জানান, খাসিয়ার গুলিতে নিহত সবুজ মিয়ার পিতা আবুল হোসেন থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেছেন। মরদেহটি ভারতের অভ্যন্তরে থাকায় পুলিশ লাশ উদ্ধার করতে পারেনি।

বি‌জি‌বি সিলেট ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, বিজিবি ৪ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ড্যান্টের সঙ্গে কথা বলেছে। এ ঘটনার জোরালো প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে অপরাধীর বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব‍্যবস্থা নেয়ার জন্যও বলা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভারতীয় খাসিয়ার গুলিতে সিলেটের আরেক কিশোর নিহত হয়েছিল। এদিন দুপুরে ভারত সীমান্তের অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে নিহত হন জৈন্তাপুর উপজেলার ঝিঙ্গাবাড়ি গ্রামের মো. সাহাব উদ্দিনের ছেলে মারুফ মিয়া (১৬)।

Share





Related News

Comments are Closed