বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত আরেক শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত আরও একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম আরাফাত (১২)। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসারত অবস্থায় কার্ডিয়াক অ্যারেস্ট (হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ) হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছে আরাফাত।
সোমবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এর আগে, রবিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় আরাফাতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারেকুল ইসলাম।
আরাফাতের বাবা মো. শহীদুল ইসলাম জানিয়েছেন, মাদরাসা থেকে নাজেরা শেষ করেছিল আরাফাত। কোরআন শরীফের তিন পাড়া মুখস্থ করে কিতাব বিভাগের এবতেদিয়ায় অধ্যয়নরত ছিল সে।
ফেসবুকের এক পোস্টে তারেকুল জানান, শিশু আরাফাতের শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল প্রাথমিকভাবে। কিন্তু গত একমাস যাবৎ তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এর আগেও তিনবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। এক পর্যায়ে তাকে দেশের বাইরে পাঠানোর সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মোতাবেক গত এক সপ্তাহ টানা দৌঁড়ঝাপের পর ২৪ ডিসেম্বর আরাফাতের জন্য এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। অথচ…
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজেও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়।
এ ঘটনায় বিএনপির মিডিয়া সেল রোববার রাতে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে শোক প্রকাশ করে আরাফাতের ছবি প্রকাশ করেছে।
পেজটিতে লেখা হয়, ‘গত ৫ আগস্ট উত্তরার আজমপুর পূর্ব থানার সামনে সে গুলিবিদ্ধ হয়। এরপর প্রথমে তাকে আধুনিক হাসপাতালে নিলে সেখান থেকে ফেরত দিয়ে দেয়া হয়। এরপর নেয়া হয় কুর্মিটোলা হাসপাতালে। সেখান থেকে তাকে সিএমএইচে পাঠানো হয়। সাড়ে ৪ মাস সেখানে ভর্তি থাকার পর রোববার রাতে সে মৃত্যুবরণ করে।’
রোববার দিবাগত রাত ১টার দিকে এক পোস্টে বলা হয়, শহিদী মিছিলে যোগ দিয়েছে আমাদের আরও এক ভাই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হয়ে ঢাকা সিএমএইচে চিকিৎসারত অবস্থায় কার্ডিয়াক অ্যারেস্ট (হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে) মৃত্যুবরণ করেছে শহীদ আরাফাত, বয়স ১২ বছর। শহিদ আরাফাতের জন্য এয়ার অ্যাম্বুলেন্স রেডি ছিল।
উন্নত চিকিৎসার জন্য আর উড়াল দিতে হলো না আরাফাতের, আমাদেরকে রেখে চলে গিয়েছে না ফেরার দেশে। শহীদ আরাফাতের জানাজার নামাজ আগামীকাল (সোমবার) অনুষ্ঠিত হবে। পরিবারের সঙ্গে আলোচনা করে সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে।
Related News
মার্কিন দূতাবাস থেকে ভিসা আবেদনকারীদের জন্য কঠোর সতর্কবার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সাক্ষাৎকার বা ইন্টারভিউ দেওয়ার সময় মিথ্যা তথ্য না দেওয়ারRead More
নরসিংদীতে বাড়িতে ঢুকে হামলা, গুলিতে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জেরে বাড়িতে ঢুকে প্রতিপক্ষের গুলিতে আব্দুল্লাহRead More



Comments are Closed