Main Menu

ভিসির পদত্যাগের দাবীতে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (সিমেবি) ভাইস চ্যান্সেলর, ট্রেজারার ও রেজিস্ট্রারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী কর্মকর্তা-কর্মচারী পরিষদ।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে সিলেট নগরের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে জড়ো হন। পরে তাঁরা সেখানে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন, বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক মাইদুল ইসলাম চৌধুরী, সেকশন অফিসার আশরাফুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা রহমত আলী, কর্মচারীদের মধ্যে আহসান উদ্দিন, মুহাজিরুল ইসলাম, আব্দুস সামাদ চৌধুরী, আাবু হামজা, তারেক আহমদ ও মনি আক্তার।

বক্তারা বলেন, সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শেখ হাসিনার চোখের ডাক্তার প্রফেসর ডা. এনায়েত হোসেন ও ট্রেজারার শাহ আলম ও রেজিস্ট্রার (এ্যাডহেক) স্বৈরশাসক আবুল কালাম মো. ফজলুর রহমান পদত্যাগ না করে উল্টো কর্মকর্তা-কর্মচারীদের হুমকি ধমকি দিয়ে আসছেন। আমরা তাঁদের পদত্যাগের জন্য ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলাম। কিন্তু তাঁরা আমাদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ করেননি। তাই অনতিবিলম্বে আবারও আমরা তাঁদের পদত্যাগ দাবি করছি। অন্যথায় আমরা অভিভাবক ও সিলেটবাসীকে সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।

এর আগে, গত সোমবার (১২ আগস্ট) ভাইস চ্যান্সেলর, ট্রেজারার ও রেজিস্ট্রারকে পদত্যাগের জন্য ৪৮ ঘন্টার সময় বেঁধে দেন বৈষম্যবিরোধী কর্মকর্তা-কর্মচারী পরিষদ। কিন্তু বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করায় আজকে তাঁরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন।

Share





Related News

Comments are Closed