Main Menu

রংপুর রেঞ্জের ডিআইজি বাতেন ও কমিশনার মনিরুজ্জামান বাধ্যতামূলক অবসরে

বৈশাখী নিউজ ডেস্ক: রংপুর রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন ও রংপুর মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী ‘জনস্বার্থে’ তাদেরকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা বলা হয়েছে আদেশে।

ওই ধারায় বলা আছে, “কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ (পঁচিশ) বৎসর পূর্ণ হইবার পর যে কোনো সময় সরকার, জনস্বার্থে, প্রয়োজনীয় মনে করিলে কোনোরূপ কারণ না দর্শাইয়া তাহাকে চাকরি হইতে অবসর প্রদান করিতে পারিবে।”

ডিআইজি পদমর্যাদার ১৮তম বিসিএসের কর্মকর্তা মনিরুজ্জামান এর আগে ঢাকা মহানগর পুলিশসহ বিভিন্ন জায়গায় কাজ করেছেন। আর ১৭তম বিসিএসের কর্মকর্তা বাতেন এর আগে রাজশাহী রেঞ্জ, ঢাকা মহানগর পুলিশসহ বিভিন্ন স্থানে নানা দায়িত্ব পালন করেছেন।

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত ১৬ জুলাই দুপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকের সামনে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের ধাওয়াধায়ি হয়। তখন পুলিশের সঙ্গেও সংঘর্ষ বাধে শিক্ষার্থীদের। তাতে রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাঈদসহ বেশ কয়েক শিক্ষার্থী ও পুলিশ আহত হয়।

আহতদের রংপুর মেডিকেল কলেজে নেওয়া হলে গুলিবিদ্ধ আবু সাঈদের মৃত্যু আগেই হয়েছে বলে জানান চিকিৎসকরা। তার মৃত্যুর ঘটনা ঘিরে কোটা সংস্কার আন্দোলন আরও গতি পায়, ওই আন্দোলনের সূত্র ধরে শেখ হাসিনা সরকারের পতন ঘটে।

গত ১০ আগস্ট শনিবার রংপুরের পীরগঞ্জে আবু সাঈদের বাড়িতে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেন, “আবু সাঈদ এখন ঘরে ঘরে… বাংলাদেশে জাতি, ধর্ম নির্বিশেষে সবারই সন্তান সে।”

Share





Related News

Comments are Closed