Main Menu

সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দিয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। সংবিধানের ৯৫ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তাকে নিয়োগ দিয়েছেন।

শনিবার (১০ আগস্ট) রাতে এ তথ্য জানা যায়। রোববার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি তাকে শপথ পড়াবেন।

আইন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগের বিচারপতি রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দিয়েছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।

এই প্রথম হাইকোর্ট বিভাগের কোনো বিচারপতিকে সরাসরি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিলেন রাষ্ট্রপতি।

সৈয়দ রেফাত আহমেদ ২০০৩ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০০৫ সালে তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ পান।

এরআগে প্রধান বিচারপতি পদত্যাগ করার পর সুপ্রিম কোর্ট থেকে জানানো হয়েছিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে মো. আশফাকুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।

কিন্তু এটা নিয়ে আপত্তি জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। একই সঙ্গে সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়ার দাবি জানান তারা। তাদের প্রতিবাদের মুখে আইন মন্ত্রণলায় থেকে দাবি করা হয়, ‘এখনও ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়নি!’

পরে রাত ৯টার দিকে সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের বিষয়টি গণমাধ্যমকে জানায় আইন মন্ত্রণালয়।

এর আগে, ছাত্র আন্দোলনের জেরে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ ৬ বিচারপতি। শনিবার রাতে আইন মন্ত্রণালয়ে তারা পদত্যাগপত্র পাঠান।

পদত্যাগকারী ৫ বিচারপতি হলেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।

উল্লেখ্য, শনিবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ প্রধান বিচারপতিসহ অন্যান্যদের পদত্যাগের আল্টিমেটাম দিয়ে সুপ্রিম কোর্ট ঘেরাওয়ের ঘোষণা দেন। পরে বিপুল সংখ্যক শিক্ষার্থী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এসে জড়ো হতে থাকেন। সেখানে তারা প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে স্লোগান দেওয়া শুরু করেন। এরপর প্রধান বিচারপতির পক্ষ থেকে জানানো হয় তিনি সন্ধ্যার মধ্যে পদত্যাগ করবেন।

Share





Related News

Comments are Closed