গোলাপগঞ্জে গুলিতে ২ জন নিহত, লাশ নিয়ে মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে গুলিতে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে পুলিশ সূত্র বিষয়টি নিশ্চিত করেনি।
রবিবার (৪ আগস্ট) বেলা আড়াইটার দিকে গোলাপগঞ্জ পৌর এলাকার ধারাবহরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ধারাবহর গ্রামের মো. মকবুল আলীর ছেলে ব্যবসায়ী তাজ উদ্দিন (৪৩) ও উপজেলার শিলঘাটের বাসিন্দা সানি আহমদ (১৮)।
এ দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শাহিন আহমদ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজের সামনে থেকে ছাত্র-জনতা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় তাদের সরিয়ে দিতে চায় পুলিশ। এসময় সেখানে বিজিবিও উপস্থিত ছিলো। একপর্যায়ে পুলিশ ও বিজিবির সঙ্গে ছাত্র-জনতার তুমুল সংঘর্ষ শুরু হয়। বিভিন্ন মসজিদে ঘোষণা দিয়ে এসময় এলাকাবাসীও সংঘর্ষে জড়িত হন। প্রায় দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে ছাত্র-জনতা ও এলাকাবাসী পুলিশ-বিজির দিকে ইট-পাটকেল ছুঁড়ে এবং পুলিশ-বিজিবি গুলি, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে পুলিশ ও বিজিবি পিছু হটতে বাধ্য হয়।
এক পর্যায়ে সংঘর্ষ গোলাপগঞ্জ পর্যন্ত ছড়িয়ে পড়ে। বেলা ২টার দিকে পৌর এলাকার ধারাবহরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কিছু মানুষ জড়ো হলে সেখানে পুলিশ ও বিজিবি আসলে উত্তেজনা দেখা দেয়। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে বিদ্ধ হয়ে তাজ উদ্দিন ও সানি আহমদ মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, তাজ উদ্দিনের লাশ নিয়ে পৌরশহরে এসে ধারাবহর এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছেন। বিকাল সাড়ে ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত গোলাপগঞ্জ পৌরশহর ও ঢাকাদক্ষিণ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
আরপদিকে, সরকার পতনের একদফা দাবিতে আজ রবিবার থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলন কর্মসূচি পালনে বেলা সাড়ে ১১টা থেকে সড়কে নেমেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুর ১২টার দিকে সিলেট নগরের কোর্ট পয়েন্টে পুলিশ-আন্দোলনকারী পাল্টাপাল্টি ধাওয়ার পর সংঘর্ষ হয়। একপর্যায়ে নগরের বিভিন্ন স্থানে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। আন্দোলনকারীদের ইটপাটকেলের জবাবে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে। এতে এক কিশোর গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হন।
দুপুর ১টা থেকে জিন্দাবাজার, চৌহাট্টা, বারুতখানা, জেলরোড, হাওয়াপাড়া, মিরবক্সটুলা, নয়াসড়ক কুমারপাড়া ও আম্বরখানাসহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা অবস্থান নেয়। সড়ক ব্যারিকেড দিয়ে তারা যান চলাচল বন্ধ করে দেয়।
অপরদিকে, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সশস্ত্র অবস্থান নেওয়ারও খবর পাওয়া গেছে।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed