Main Menu

সিলেটে পৃথক অভিযানে সোয়া কোটি টাকার ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ৭

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পৃথক অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা সোয়া কোটি টাকা মূল্যের লক্ষাধিক কেজি চিনির চালান জব্দ করা হয়েছে। এ সময় চিনির চালানের সঙ্গে জড়িত ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১১ জুলাই) ভোরে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে ৬টি ট্রাক বোঝাই কোটি টাকা মূল্যের চিনির চালান আটক করা হয়।

জব্দকৃত ৬টি ট্রাকে দুই সহস্রাধিক বস্তা চিনির এ চালান আটক করা হয় বলে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে নগরীর শাহপরান থানাধীন পীরের বাজার এলাকায় অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ৬ ট্রাক ভারতীয় চোরাই চিনি জব্দ করে। যার আনুমানিক বাজার মুল্য ১ কোটি টাকা। এসময় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, অভিযানের পর আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে, বুধবার দিবাগত রাত দেড়টার দিকে একই থানা এলাকার বাইপাস সড়কে অপর একটি অভিযানে শাহপরান থানা পুলিশ ১ ট্রাক ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে বলে জানিয়েছেন শাহপরান থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী। জব্দকৃত চিনির আনুমানিক বাজার মুল্য ২৪ লাখ টাকা। এসময় আরও ১জনকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- পাবনা জেলার সুজানগর থানার আন্দরকুটা গ্রামের মৃত রহিম প্রমানিকের ছেলে মো. হাফিজুর রহমান (২৭), পাবনা সদর থানার নাজিরপুর (কাজিপাড়া) গ্রামের বাদল প্রামানিকের ছেলে মো. রফিক হোসেন (৩২), একই গ্রামের মো. সিরাজ সিরাইয়ের ছেলে মো. হাফিজুর রহমান (২৮), রাজশাহী জেলার চারঘাট থানার খরের বাড়ি গ্রামের মো. আত্তার আলীর ছেলে মো. শিমুল হক (২৯), নাটোর জেলার সদর থানার মো. রমজান আলীর ছেলে মো. আরিফুল ইসলাম (২৫), পাবনা সদর থানার জালালপুর গ্রামের আব্দুস ছাত্তার বিশ্বাসের ছেলে সাইফুল ইসলাম (৩২) ও একই থানার বাবুল চারা গ্রামের জাহান শেখের ছেলে শাকিল শেখ (২০)।

গত কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই সিলেটে ধরা পড়ছে লক্ষ লক্ষ টাকার চিনিসহ ভারতীয় বিভিন্ন চোরাই পণ্য।

এর আগে গত ৬ জুন এসএমপির জালালাবাদ থানা এলাকায় ১৪টি ট্রাক ভর্তি ২ হাজার ১১৪ বস্তা চোরাচালানের সবচেয়ে বড় ভারতীয় চিনির চালান জব্দ করা হয়। এ ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়।

এ ঘটনায় ৪ জনকে আটক করা হলেও মূল হোতাদের কেউ এখনো ধরা পড়েনি। জব্দকৃত প্রায় পৌণে দুই কোটি টাকা মূল্যের চিনির চালানটি গত ৩ জুলাই আদালত থেকে নিলামে বিক্রি হয়।

গত কয়েক মাসে সিলেটে অন্তত: অর্ধশত কোটি টাকার চোরাই চিনি জব্দ করেছে প্রশাসন। কয়েকদিন যেতে না যেতেই ফের চোরাচালানের মহোৎসব শুরু হয়েছে সিলেটে।

 

Share





Related News

Comments are Closed