Main Menu

সিলেটে ট্রাক বোঝাই ১৩০ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ১৩০ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে পুলিশ। এসময় দুজনকে গ্রেপ্তার করা হয়। এসব বস্তায় সাড়ে ৬ হাজার কেজি চিনি রয়েছে, যার বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার (৪ জুলাই) ভোর ৫টার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা বাজার থেকে চিনি বোঝাই একটি ট্রাক জব্দ করে। ট্রাকে ১৩০ বস্তায় সাড়ে ৬ হাজার কেজি চিনি ছিলো। যার বাজারমূল্য ৭ লাখ ৮০ হাজার টাকা।

অভিযানকালে দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করে ডিবি। তারা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার পাইকরাজ (তোয়াকুল) গ্রামের বাবুল আহমদের ছেলে আফজল হোসেন (২৪) ও কোম্পানীগঞ্জ উপজেলার বরম সিদ্ধিপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. রুহুল আমিন (৩৩)। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

উল্লেখ্য সিলেটে পুলিশের অভিযান ও সংবাদমাধ্যমগুলোতে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পরও কিছুতেই থামছে না চিনিকাণ্ড। প্রতিদিনই সীমান্তের বিভিন্ন চোরাই পথ দিয়ে একাধিক চক্র লাখ লাখ টাকার ভারতীয় অবৈধ চিনি নিয়ে আসছে সিলেটে। পরে সেগুলো ছড়িয়ে পড়ছে সারা দেশে।

Share





Related News

Comments are Closed