Main Menu

ঈদের দিন যেসব এলাকায় অতিভারী বৃষ্টি হতে পারে

বৈশাখী নিউজ ডেস্ক: শনিবার ১৫ জুন থেকে বর্ষাকালের শুরু হচ্ছে। এদিন আষাঢ় মাসের প্রথম দিন। আর আগামী ১৭ জুন সোমবার পবিত্র ঈদুল আজহা। বর্ষা মৌসুম হওয়ায় মৌসুমী বায়ু দেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় অবস্থান করছে। ফলে সবসময়ই দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি এবং ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকে। তাই ঈদের দিনও দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (১৪ জুন) ঈদের দিন আবহাওয়ার অবস্থা কেমন থাকতে পারে তা জানিয়েছে আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা।

তিনি বলেন, ‘এখন মনসুন মৌসুম, সে অনুযায়ী সারাদেশে কমবেশি বৃষ্টিপাত হচ্ছে। এখন যেভাবে যাচ্ছে ঈদের দিন সেভাবে থাকবে। সে ক্ষেত্রে ঈদের দিনও বৃষ্টি হবে এটা স্বাভাবিক। তবে অঞ্চল ভেদে বৃষ্টির পরিমাণ কমবেশি হতে পারে। এক্ষেত্রে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি। এ অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।’

তিনি বলেন, ‘ঢাকা বিভাগের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তা সামান্য পরিমাণে হতে পারে। অন্যদিকে, রাজশাহী খুলনা ও বরিশালে খুবই সামান্য বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।’

এদিকে আবহাওয়াবিদ শাহিনুল ইসলাম জানিয়েছেন, ‘আসলে এখন যেভাবে বৃষ্টি হচ্ছে ঠিক সেভাবেই থাকবে। খুব বেশি পরিবর্তন হবে না। তবে শনিবার আরও স্পষ্ট হওয়া যাবে। ঈদের দিন যে অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা কম সে জায়গায় তাপপ্রবাহ থাকবে। সে অনুযায়ী খুলনা, বরিশাল, রাজশাহীতে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। তবে ঈদের পর থেকে সারাদেশে বৃষ্টির প্রবণতা বাড়বে।’

Share





Related News

Comments are Closed