বুধবার সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন শেখ হাসিনা
বৈশাখী নিউজ ডেস্ক: আগামিকাল বুধবার (২০ ডিসেম্বর) সিলেট থেকে দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করছে আওয়ামী লীগ। নিশ্চিদ্র নিরাপত্তাবেষ্টনীতে রাখা হয়েছে সিলেট মহানগরকে।
হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করে নগরীর চৌহাট্রা এলাকায় অবস্থিত সরকারী আলিয়া মাদরাসা মাঠে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
এ জনসভাকে ঘিরে দলের নেতা-কর্মীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
স্বাধীনতার পর থেকে দেশের রাজনীতিতে সিলেটকে নিয়ে এক ধরনের ‘মিথ’ তৈরি হয়েছে। সিলেট-১ আসনে যে দল বিজয়ী হয় সেই দলই সরকার গঠন করে। সাধারণ মানুষ মনে করে, হজরত শাহজালালসহ ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত পুণ্যভূমির এ আসনটি সব দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত রাজনৈতিক দলের প্রধানরা সিলেটের হজরত শাহজালাল (রহ.) এবং হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে ঐতিহ্যবাহী আলিয়া মাদরাসা মাঠে জনসভার মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করেন। এবারও আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ধারা বজায় রাখছেন। আলিয়া মাদরাসা মাঠে নৌকার আদলে তৈরি করা হয়েছে জনসভা মঞ্চ।
গত ১৩ ডিসেম্বর প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ প্রায় একডজন কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে সিলেটের একটি কনভেনশন হলে বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিলেট বিভাগের চার জেলার আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন। সভায় ২০ ডিসেম্বর আলীয়া মাদ্রাসা মাঠের জনসমাবেশে স্মরণকালের বৃহৎ সমাবেশ করার নির্দেশনা দেন কেন্দ্রীয় নেতারা। সভায় বিভাগের ১৯টি আসনের সকল নৌকার প্রার্থীকে অন্তত ১০ হাজার করে লোক নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়। সিলেটের জনসভা জনসমুদ্রে রূপ নেবে বলে জানান আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য।
এ প্রসঙ্গে নানক বলেন, পুণ্যভূমি সিলেট থেকে আওয়ামী লীগের নির্বাচনী জনসভা শুরু হবে। এ জনসভাকে ঘিরে এ বিভাগের মানুষের মধ্যে অন্যরকম উৎসাহ সৃষ্টি হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট চেয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকালে সিলেট পৌঁছে মাজার জিয়ারত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর স্থানীয় নেতাদের সঙ্গে কুশল বিনিয়ম করবেন। এরপর জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সরকারি আলিয়া মাদরাসা মাঠে দলীয় জনসভায় যোগ দেবেন সভানেত্রী। এ উপলক্ষে দলের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে।
সিলেট সিটি মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে সিলেটবাসী বরণ করে নিতে প্রস্তুত। সিলেট থেকেই শুরু হবে সারা দেশে নৌকার পক্ষে গণজোয়ার। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়ে যাবেন, সেই নির্দেশনাই আমরা পালন করতে প্রস্তুত।
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, আলিয়া মাদরাসা মাঠ প্রধানমন্ত্রীর জনসভা স্মরণকালের বৃহৎ জনসমাবেশ করার প্রস্তুতি নেওয়া হয়েছে। বিভাগের প্রতিটি জেলা-উপজেলা থেকে দলীয় নেতা-কর্মীরা এসে উপস্থিত হবেন।
সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আসাদ উদ্দিন আহমেদ বলেন, জনসভায় অন্তত ১০ লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশা করছি। কারণ সামনের নির্বাচন অনেক চ্যালেঞ্জিং। সেই নির্বাচনী বার্তা পেতে তৃণমূলের সব নেতারা সিলেট শহরে আসবেন নেত্রীর কথা শোনার জন্য। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ২২ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণাও শুরু করেছিলেন সিলেট থেকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর ও জনসভা প্রসঙ্গে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ জানান, শেখ হাসিনা প্রতিবারই পূণ্যভূমি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমনের খবরে শুধু দলীয় নেতাকর্মী নয়, সাধারণ মানুষের মধ্যেও উৎসাহ-উদ্দিপনা দেখা দিয়েছে। সিলেটের এই জনসভার জনসমাবেশ দেখে সারাদেশে নির্বাচনী ঝড় আরও বেগবান হবে বলে আমরা আশাবাদী।
এদিকে, সমাবেশস্থল সিলেট সরকারি আলিয়া মাদারাসা মাঠ পরিদর্শন করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপৃর ১২টায় তারা মাঠ পরিদর্শন করেন। এসময় তাদের সঙ্গে ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও জেলা-মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
এর আগে বেলা ১১টায় জাহাঙ্গীর কবির নানকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন। সেখান থেকে সরাসারি তারা আলিয়া মাদরাসা মাঠে যান।
এ দিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ভিভিআইপি প্রটোকল নিয়ে অনেকটা নির্ঘুম রাত কাটছে প্রশাসনেরও। ইতোমধ্যে হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরান (র.) মাজার, সরকারী আলিয়া মাদরাসা মাঠের জনসভাস্থল এবং মঞ্চসহ পুরো নগরীতে সর্বোচ্চ নিরাপত্তার সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। সিলেট মেট্রোপলিটন ও রেঞ্জ পুলিশ ছাড়াও বাইরে থেকে পৃথক আরো আড়াইহাজার ফোর্স সংযুক্ত করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো. জাকির হোসেন খান বলেন, প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কোনো স্তর নয়, পুরো সিলেটে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। চার হাজার পুলিশ ফোর্স মোতায়েন থাকবে। সিলেটের বাইরে থেকে (ময়মনসিংহ রেঞ্জ) আড়াইহাজার পুলিশ ফোর্স যুক্ত করা হয়েছে। এছাড়াও পোশাকে-সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। যানবাহন চলাচল নিয়ন্ত্রণে প্রতিটি পয়েন্টে ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। এর বাইরেও আইনশৃঙ্খলা বাহিনীর সবগুলো ইউনিট এবং স্পেশাল ফোর্স নিরাপত্তায় নিয়োজিত থাকছে।
Related News
সিলেটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন,Read More
পানি সংকটে সিলেট নগরের হাওয়াপাড়া এলাকার শতাধিক পরিবার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত ১৬নং ওয়ার্ডের হাওয়াপাড়া মিশন গলিRead More



Comments are Closed