Main Menu

শেখ হাসিনা বিশ্ব মোড়লদের রক্তচক্ষুকে ভয় পায় না : নানক

বৈশাখী নিউজ ডেস্ক: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আগামী ২০ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরকে কেন্দ্র করে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য সমাবেশ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি আন্তর্জাতিক এবং জাতীয় রাজনীতির প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রীর সিলেট সফর সফলের লক্ষ্যে বুধবার (১৩ ডিসেম্বর) বেলা আড়াইটায় সিলেট নগরের আরামবাগস্থ একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত বিভাগীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নানক তার বক্তব্যে আরও বলেন- বিএনপি-জামায়াত অপশক্তি নির্বাচন বানচাল করতে সর্বশক্তি নিয়োগ করেছে, তাণ্ডবতা চালিয়েছে। জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করেছে। এমনকি বিশ্ব মোড়লদের আমাদের বিপক্ষ শক্তি হিসেবে দাড় করিয়েছে। কিন্তু আওয়ামী লীগের সাহসী সেনাপতি শেখ হাসিনা কোন মোড়লের রক্তচক্ষুকে ভয় পায় না।

তিনি বলেন, বিএনপি-জামায়াত বিশ্ব মোড়লদের কাছে ধর্ণা দিয়ে কিছু করতে না পেরে হরতাল-অবরোধের নামে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করছে। ট্রেনের লাইন কেটে দুর্ঘটনা ঘটিয়ে মানুষ মেরেছে। অথচ এসব মানুষ পুড়িয়ে হত্যার ঘটনায় বিশ্বমোড়লরা কথা বলে না।

বিভাগীয় প্রতিনিধি সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের পরিচালনায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ।

নানক আরও বলেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ীই হবে। তৃণমুল ভোটারের বাড়িতে বাড়িতে গিয়ে ভোট আনতে হবে, কেন্দ্রে কেন্দ্রে কমিটি করতে হবে। কমিটির সবাইকে ভোটারদের হাতে পায়ে ধরে ভোট দিতে নিয়ে আসতে হবে। বিশ্বমোড়লদের দেখিয়ে দিতে হবে- শেখ হাসিনার দ্বারাই সুষ্ঠু নির্বাচন সম্ভব।

প্রধানমন্ত্রীর সিলেটের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে সিলেটের মেয়র, সকল কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান, পৌরমেয়রদের সহযোগিতা কামনা করেন নানক।

বিভাগীয় প্রতিনিধিসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জেবুন্নেছা হক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ এমপি, শেখ হেলাল এমপি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সদস্য ডা. মুশফিক হোসেন চৌধুরী, আজিজুস সামাদ আজাদ ডন, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির আহমদ ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

সভার পরে ঢাকা থেকে আগত বিশেষ প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর জনসমাবেশস্থল সিলেট আলিয়া মাদরাসা মাঠ পরিদর্শন করেন।

Share





Related News

Comments are Closed