জাতীয় অধ্যাপক ডা. আব্দুল মালিক আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক মারা গেছেন।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ৯৪ বছর।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক (জনসংযোগ) শাহাজাদী সুলতানা ডলি এ তথ্য নিশ্চিত করেছেন।
২০০৪ সালে স্বাধীনতা পুরস্কার পাওয়া ডা. আব্দুল মালিক ২০০৬ সালে জাতীয় অধ্যাপক মনোনীত হন। তিনি ছিলেন দেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ। ১৯২৯ সালের ১ ডিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
তিনি ১৯৫৪ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ১৯৫৮ সালে তাকে সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল) পেশোয়ারে কর্নেল আজমিরের কাছে মেডিকেল স্পেশালিস্টের যোগ্যতা পরীক্ষার জন্য পাঠানো হয়। এতে প্রশিক্ষণের জন্য নির্বাচিত হন তিনি।
১৯৬৪ সালে তিনি এমআরসিপি পাস করেন এবং হ্যামার স্মিথ হসপিটাল অ্যান্ড পোস্টগ্রাজুয়েট মেডিকেল স্কুল, লন্ডন থেকে কার্ডিওলজিতে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।
জানা যায়, ঢাকায় তার তিনটি জানাযা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাজধানীর শ্যামলী কলেজ গেটের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে বাদ জোহর তার প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। এছাড়া দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে বাদ আসর শ্যামলী শাহী জামে মসজিদে। বাদ মাগরিব তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে মিরপুর ২ এর হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশে।
এদিকে সিলেটের কৃতিসন্তান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দেশের প্রথিতযশা হৃদরোগ বিশেষজ্ঞ জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা. আব্দুল মালিকের মরদেহ বুধবার সড়কপথে সিলেট নিয়ে আসা হবে। সিলেটের দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়নের পশ্চিমভাগ নোয়াগাঁও গ্রামে বাদ যোহর জানাযা শেষে দাফন করা হবে বলে তাঁর পারিবারিক সুত্র নিশ্চিত করেছে।
Related News
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনেরRead More
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More



Comments are Closed