Main Menu

সিলেটে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বালুচরে এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নগরীর বালুচরের টিবি গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছাত্রলীগকর্মী আরিফ (১৯) নগরীর টিবি গেইট এলাকার ফটিক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নগরীর বালুচরে ছাত্রলীগের বিবদমান দুটো গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল।গত ১৩ অক্টোবর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হিরণ মাহমুদ নিপু ও বর্তমান সভাপতি নাজমুল ইসলামের নিয়ন্ত্রণাধীন নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পপাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিন বেশ কয়েকজন আহত হন। এই ঘটনার জেরেই সোমবার রাত ১২টার দিকে আরিফকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।

তবে অপর একটি সুত্র জানায়, গত ২০ নভেম্বর দিবাগত রাত ১২টায় পুর্ব বিরোধের জেরে ছাত্রলীগের সাবেক সভাপতি নিপু ও বর্তমান সভাপতি নাজমুলের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় এতে আরিফ নামের ওই যুবক মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত আরিফ ছাত্রলীগ সিলেট জেলা কমিটির সভাপতি নাজমুল ইসলাম গ্রুপের সক্রিয় কর্মী বলে জানা গেছে।

নিহত আরিফের মায়ের দাবি, কয়েক দিন আগেই বালুচর এলাকায় ওয়াকওয়েতে বসা অবস্থায় আরিফকে মারধর করে কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুর গ্রুপের কর্মীরা। তাদের বিরুদ্ধে মামলা করায় আমার ছেলেকে সবাই মিলে কুপিয়ে হত্যা করেছে।

তিনি অভিযোগ করে বলেন, আরিফের চিৎকার শুনে বাসা থেকে বাইরে বের হয়ে দেখি কাউন্সিলর নিপুসহ তার কর্মীরা মিলে আমার ছেলেকে মারধর করছে।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ ছাত্রলীগ কর্মীর নিহতের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নগরীর বালুচর এলাকায় সংঘর্ষের ঘটনায় আহত একজন রাত দেড়টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

এদিকে, নিহত আরিফকে দেখতে রাতেই হাসপাতালে ছুটে যান জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ।

ছাত্রলীগ সভাপতি নাজমুল ইসলাম গণমাধ্যমকে বলেন, নিহত আরিফ সিলেট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী, এবং ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। চার-পাঁচদিন আগে আরিফের ওপর হামলা করেছিল এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী। সোমবার বিকালে আরিফ হামলার ঘটনায় নগরীর শাহপরান থানায় একটি এজাহার দায়ের করেন। সেখান থেকে ফেরার সময় তার ওপর হামলা চালানো হয়।

এ ঘটনায় জেলা ও মহানগর ছাত্রলীগ কর্মসূচি দেবে বলে জানান নাজমুল ইসলাম।

Share





Related News

Comments are Closed