Main Menu

হরতালের দ্বিতীয় দিনে সিলেটে গাড়ি ভাংচুর ও ককটেল বিস্ফোরণ

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনের শুরুতেই সিলেট নগরীতে গাড়ি ভাংচুর করছে যুবদল।

সোমবার (২০ নভেম্বর) সকাল পৌণে নয়টার দিকে নগরীর উপশহর পয়েন্টে হরতাল সমর্থনে কয়েকটি মোটরসাইকেল নিয়ে মিছিল বের করে যুবদল।

এসময় একটি ট্রাক ও একটি অটোরিকশা (সিএনজি) ভাংচুর করে যুবদলের কর্মীরা।

তবে, পুলিশ বলছে কোন ধরনের গাড়ি ভাংচুর হয়েছে বলে তাদের জানা নেই।দুর্বৃত্তরা পিকেটিংয়ের চেষ্টা করলে তাদের ধাওয়া দিলে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল পৌণে নয়টার দিকে উপশহর পয়েন্টে কয়েকটি মোটরসাইকেলে হেলমেটধারী যুবদলের কয়েকজন সড়ক অবরোধ করে একটি ট্রাক ও অটোরিকশা (সিএনজি) ভাংচুর করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে ৪/৫ মিনিটের মধ্যে পুলিশ আসার আগেই সটকে পড়ে যুবদলের নেতাকর্মীরা।

এব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত সুমন কুমার চৌধুরী বলেন, উপশহর পয়েন্টে দুর্বৃত্তরা পিকেটিংয়ের চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

এদিকে, টানা ৪৮ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিন সোমবার সিলেটে ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে। সকাল থেকে সিলেট নগরীতে যানবাহন চলাচল করতে দেখা গেছে। তবে স্বাভাবিক দিনের তুলনায় গাড়ির সংখ্যা ছিল অনেক কম।

সকাল সাড়ে সাতটায় নগরীর শাহী ঈদগাহ এলাকায় যুবদল বিক্ষোভ মিছিল করে। এসময় মিছিল থেকে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

দুপুর ১২টায় নগরের মিরবক্সটুলায় মিছিল সমাবেশ করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।

এছাড়া নগরীর অন্যান্য সড়কে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হরতালবিরোধী মিছিল ও পিকেটিং করতে দেখা গেছে।

সিলেটে হরতালের দ্বিতীয় দিন স্বাভাবিকের তুলনায় দুরপাল্লার বাস চলাচল কম। দুরপাল্লার বাস চলাচল কম থাকায় ভোগান্তিতে পড়তে হয় অফিসগামী মানুষদের। এছাড়াও বন্ধ ছিল নগরীর প্রধান কয়েকটি পয়েন্ট সংলগ্ন বিপনী বিতান ও দোকানপাট ।

হরতালে যেকোনো ধরনের বিশৃঙ্খলতা রোধে নগরীর বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদে পরদিন ২৯ অক্টোবর হরতালের ডাক দিয়েছিল দলটি। এরপর থেকে পাঁচ দফায় ১০ দিনের অবরোধ কর্মসূচি পালন করে বিএনপিসহ সমমনা দলগুলো। পঞ্চম দফা অবরোধের শেষ দিন নতুন করে হরতাল কর্মসূচি ঘোষণা করে দেড় দশকেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা দল বিএনপি। গত রোববার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার এই হরতাল চলছে। যা শেষ হবে আগামীকাল মঙ্গলবার সকাল ছয়টায়।

 

Share





Related News

Comments are Closed