Main Menu

কোম্পানীঞ্জে ট্রাক আটকে চাঁদাবাজি, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অভিযোগ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীঞ্জে পাথর বোঝাই ট্রাক আটকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় ঘটনাটি ঘটে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ইসলামপুর ফুয়েল পাম্পের সামনে। এঘটনায় সন্ধ্যায় পাথর ব্যবসায়ী তোফাজ্জল হোসেন রাজু থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায়।

তবে, অভিযোগটি সত্য নয় বলে দাবি করেছেন অভিযুক্ত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন (২৬)। স্বাধীন সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মহিষখেড় গ্রামের সামসুল ইসলামের ছেলে।

পাথর ব্যবসায়ী তোফাজ্জল হোসেন রাজু অভিযোগপত্রে উল্লেখ করেন, ভোলাগঞ্জের মেসার্স মায়ের দোয়া ওয়াশিং প্লান্ট-১ থেকে ৪৭৬ ফুট সিঙ্গেল (নুড়ি পাথর) ক্রয় করে বৃহস্পতিবার সকালে সিলেটের বিশ্বনাথের উদ্দ্যেশ্যে পাঠাই। সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের ইসলামপুর ফুয়েল পাম্পের সামনে গাড়িটি পৌঁছালে শাহ আলম স্বাধীনসহ ১০/১২ জন ব্যক্তি দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে গাড়ির গতিরোধ করেন। এসময় গাড়ি চালককে টেনে হেচড়ে ড্রাইভিং সিট থেকে নামিয়ে শাহ আলম স্বাধীন চালকের ব্যাক্তিগত মোবাইল ফোন কেড়ে নিয়ে আমাকে ফোন দিয়ে বলে এই ট্রাকটি আটক করেছি। ছাড়িয়ে নিতে চাইলে এক লক্ষ টাকা দিতে হবে না হয় ট্রাকটি পুড়িয়ে ফেলব।পরবর্তীতে সেখানে আমি পৌঁছামাত্র বিবাদীর হাতে থাকা চাকু দেখিয়ে বলেন, বাঁচতে চাইলে এক লক্ষ টাকা দে। তখন নিরুপায় হয়ে ৮ হাজার ৫০০ টাকা ও তাদের ০১৬২২৪৯৫৮৯৩ নম্বারে বিকাশে ৭ হাজার ৫০০ টাকা দেই। এর আধাঘন্টা পর আবারো শাহ আলম স্বাধীন বর্ণি পয়েন্টে ট্রাকটি আটক করে চাঁদা দাবী করে। পরবর্তীতে উপস্থিত কয়েকজনের মধ্যস্থতায় ট্রাকটি ছেড়ে দেন।

এবিষয়ে অভিযোগকারী রাজু বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগ পরিচয় দিয়ে ১০/১২জন সিঙ্গেল পাথর বোঝাই আমার ট্রাকটি আটক করে। পরে ১৬ হাজার টাকা দিয়ে আমার গাড়িটি ছাড়িয়ে নেই। টাকা লেনদেনের ডকুমেন্টস আমার কাছে সংরক্ষিত রয়েছে।

অভিযুক্ত কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন বলেন, যে অভিযোগটি করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। পাথর বোঝাই ট্রাক আটকে রেখে আমি কোনো চাঁদা আদায় করিনি। যদি এমন কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে আমাকে যে শাস্তি দেয়া হবে তা মাথা পেতে নেবো।

এব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদা আদায়ের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Share





Related News

Comments are Closed