Main Menu

নতুন ৩ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: নতুন তিন পাবলিক বিশ্ববিদ্যালয়কে শিক্ষা কার্যক্রম আগামী ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে শুরুর অনুমতি দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

এ ঘোষণায় শিক্ষার্থী ভর্তিতে আর কোনো বাধা রইলো না এ প্রতিষ্ঠানগুলোর। প্রতি বিষয়ে সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী ভর্তির অনুমোদন দেওয়া হয়।

তিন বিশ্ববিদ্যালয়গুলো হলো- কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর।

মঙ্গলবার (১ আগস্ট) ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরের সভাপতিত্বে এই তিন বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত অনুষদ, বিভাগ ও জনবল নিয়োগ সংক্রান্ত একসভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন, ইউজিসি সদস্য প্রফেসর ড. মো.আবু তাহের, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আবু নঈম শেখ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর-এর উপাচার্য প্রফেসর ড. কাজী সাইফুদ্দীন, ইউজিসি’র পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান, অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমানসহ ইউজিসি ও বিশ্ববিদ্যালয়গুলোর সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সভা থেকে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অধীনে গণিত, পদার্থ, রসায়ন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি ও মৎস্য অনুষদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর- এ বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে গণিত, মনোবিজ্ঞান, পরিসংখ্যান ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং প্রয়োজনীয় জনবল নিয়োগে অনুমোদন দেওয়া হয়।

শিক্ষা কার্যক্রম যথাযথভাবে পরিচালনার জন্য মেধাবী, দক্ষ ‍ও অভিজ্ঞ শিক্ষক নিয়োগ দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পরামর্শ দেয়া হয়।

এই তিনটিসহ দেশে ৫৬টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে।

Share





Related News

Comments are Closed