Main Menu

‘গণতন্ত্র ও রাজনীতির নামে দেশে চলছে লুটতন্ত্র-পাচারতন্ত্র’

বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির এক সভা বুধবার (২৬ জুলাই) বিকাল ৩টায় নগরের বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মার্কেটের সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় গত ২৪ জুলাই দৈনিক আজকের পত্রিকায় প্রকাশিত “ব্যাংক লুটছেন মালিকেরাই”। ব্যাংকে রাখা জনগণের টাকা এই মালিকেরাই গ্রাহক সেজে নামে, বেনামে পদ-পদবীর প্রভাব খাটিয়ে গত ৭ বছরে এক লাখ ৪২ হাজার কোটি টাকা নিয়ে গেছেন। ৪ জুলাই দৈনিক প্রথম আলোয় প্রকাশিত সাড়ে ২৯ কোটি টাকার ৪টি চিকিৎসা যন্ত্র নষ্ট। চট্টগ্রামের দুই সরকারি হাসপাতালে জনগণের স্বাস্থ্য অধিকার মারাত্মক ব্যাহত হচ্ছে। ৭ জুলাই দৈনিক প্রথম আলোয় প্রকাশিত ৩ বছরে বেহাল ১৬০ কোটি টাকা ব্যয়ে নির্মিত খুলনা-সাতখিরা মহাসড়ক। সড়কটির কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। ২২ জুন দৈনিক যুগান্তরে প্রকাশিত ‘বরগুনা-১ আসনের এমপি ধীরেন্দ্র নাথ শম্ভু’র ১০ বছরে তার সম্পদ বেড়ে ১০ গুণ। এসময় তার স্ত্রীর সম্পদও বেড়েছে। একই তারিখে প্রকাশিত প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের দানের টাকাতেও দুর্নীতির থাবা। ১৮ জুলাই দৈনিক আজকের পত্রিকায় প্রকাশিত ‘ঢাকার গাজীপুরে জয়েদেবপুর-টাঙ্গাইল মহাসড়কের সম্প্রসারণ প্রকল্পে দু’বার জমি অধিগ্রহণ করা হয়। এতে সরকারের ক্ষতি হয়েছে ২৭৯ কোটি টাকা। ৮ জুলাই দৈনিক প্রথম আলোয় প্রকাশিত ‘বিদ্যুৎ খাতে অপচুক্তি, লুটেরা মডেল’। এই তথ্যটি প্রকাশ করেছে সরকারি একটি প্রতিষ্ঠান। এই তথ্যে বলা হয় কেন্দ্র ভাড়া হিসেবে বিগত ১৪ বছরে ৯০ হাজার কোটি টাকার সমপরিমাণ মার্কিন ডলার এতে ব্যয় হয়েছে। কেন্দ্রভাড়ার বর্তমান মডেল কোন ভাবেই টেকসই নয় বলে উল্লেখ করা হয়। ২৩ জুন দৈনিক আজকের পত্রিকায় প্রকাশিত ‘দুদকে পার পাচ্ছেন এমপিরা/ অবৈধ সম্পদের অভিযোগে ২০১৯ সালে ৫ এমপির বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়। দু’জন অভিযোগ থেকে ইতিমধ্যে অব্যাহতি পেয়েছে। বাকী ৩ জনের অনুসন্ধান, পরিসমাপ্তির চাপে দুদক। অন্য ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে দ্রুত।

এদিকে সম্প্রতি জাতীয় সংসদে পাশ হওয়া সরকারি চাকুরী সংশোধিত বিলে সরকারি কর্মকর্তা, পাশাপাশি স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ও ফৌজদারী মামলায় কাউকে গ্রেফতার করতে হলে সরকার বা নিয়োগকারী কর্তৃপক্ষের পূর্ব অনুমতি লাগবে বলে আইন পাশ হয়েছে।

সভায় উপরোক্ত সংবাদের বিষয় নিয়ে আলোচনা করে বক্তাগণ তীব্র নিন্দা জ্ঞাপন করে বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদগুলো আমলে নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানান।

বক্তারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অকার্যকর থাকায় দুর্নীতিবাজরা লুটপাটের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। অন্যদিকে সরকার মহোদয় দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দিয়ে যাচ্ছেন। যা ভন্ডামীর শামিল। দুঃখজনক হলেও সত্য প্রাথমিক বিদ্যালয়ে ঝাড়ুদার নিয়োগ দিতেও ঘুষ আদান-প্রদান করা হয়। আইন-শৃঙ্খলা বাহিনীদের মধ্যেও দুর্নীতির টাকা ভাগবাটোয়ার সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

বক্তারা আরো বলেন, চারিদিকে রাক্ষসরা রূপকথা বোতল থেকে বেরিয়ে হাউ-মাউ-খাউ করছে! সাফকথা, লুটকৃত হাজার হাজার কোটি টাকা উদ্ধার করে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ ও গ্যাস-বিদ্যুত খাতে ভর্তুকি প্রদান চায় দেশবাসী।
বিশ্বব্যাংকের কথায় ভর্তুকি তুলে দেয়ার প্রস্তাব দেশবাসী মানে না। গণতন্ত্র ও রাজনীতির নামে দেশে লুটতন্ত্র-পাচারতন্ত্র চলছে। এই দুর্বৃত্তদের বিরুদ্ধে শান্তি সমাবেশ ও পদযাত্রার আয়োজনকারীরা কোন কিছু বলছে না। দেশবাসী হুশিয়ার। লাখো শহীদের রক্তে কেনা বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার অন্যতম শত্রু, মানবতার দুষমণ দুর্নীতিবাজদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কমিটির সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী’র যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, প্রচার সম্পাদক মীর আব্দুল করিম পাখী মিয়া, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম কেন্দ্রীয় সাবেক সভাপতি ইসমত ইবনে ইসহাক সানজিদ, কেন্দ্রীয় সদস্য সরোজ ভট্টাচার্য্য, সন্তুষ দেব, সাংবাদিক শহিদ আহমদ খান, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইমাম হোসেন, সিনিয়র সহ সভাপতি নিয়াজ কুদ্দুস খান, যুগ্ম সাধারণ সম্পাদক রিকন তালুকদার লিখন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed