Main Menu

বাণিজ্যমন্ত্রীকে ‘বাজার সিন্ডিকেটের হোতা’ বললেন এমপি মোকাব্বির

বিশ্বনাথ প্রতিনিধি : সংসদে একদফা তোপ দাগানোর পর এবার সংসদের বাইরে একইভাবে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সমালোচনা করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান। এবার বাণিজ্যমন্ত্রীকে ‘বাজার সিন্ডিকেটের হোতা’ বললেন এমপি মোকাব্বির খান।

সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, দেশের মানুষ আজ অসহায়, দ্রব্যমূল্য মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে নেই। অসৎ ব্যবসায়ী, অসৎ আমলা এবং অসৎ রাজনীতিবীদ-এই তিনটা মিলেই সিন্ডিকেট সৃষ্টি করে রাষ্ট্রকে জিম্মি করে রেখেছে। আর সেই সিন্ডিকেটের সদস্যরা নিজের ইচ্ছে মতো দ্রব্যমূল্য বৃদ্ধি করছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সিলেটের বিশ্বনাথের দেওকলস ইউনিয়নের মজলিশপুর-মজনপুর গ্রামবাসীর উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোকাব্বির খান বলেছেন, ‘আমরা যখন বাজারে যাই, তখন মানুষের মুখে শুনতে পাই, বাণিজ্যমন্ত্রী বাজার সিন্ডিকেটের হোতা। সেই সিন্ডিকেটই তাঁকে এ জায়গায় বসিয়ে রেখেছে। লজ্জা-শরম থাকলে তিনি পদত্যাগ করতেন।’

জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘দেশের মানুষ আজ অসহায়, দ্রব্যমূল্য মানুষের ক্রয়-ক্ষমতার মধ্যে নেই। অসৎ ব্যবসায়ী, অসৎ আমলা ও অসৎ রাজনীতিবিদ—এই তিনটা মিলেই সিন্ডিকেট সৃষ্টি করে রাষ্ট্রকে জিম্মি করে রেখেছে। আর সেই সিন্ডিকেটের সদস্যরা নিজের ইচ্ছেমতো দ্রব্যমূল্য বৃদ্ধি করছে।’

মোকাব্বির আরও বলেন, ‘তা ছাড়া বাণিজ্যমন্ত্রী স্বীকার করেছেন, তিনি বাজার সিন্ডিকেটে হাত দিতে পারছেন না। কেন হাত দিতে পারছেন না। উনি নিজেও একজন ব্যবসায়ী।’

সাবেক ইউপি মেম্বার আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি চক্রবর্তী ও সহকারী শিক্ষক শামীম আহমদ।

বক্তব্য দেন আব্দুর রহমান, হাবিব খান, কাওছার আহমদ মাসুম, ফয়সল আহমদ, মজলিশপুর যুব সংঘের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সংগঠক আব্দুস সালাম। সঞ্চালনা করেন মাওলানা শাহিদ খান।

এরআগে গত ২৬ জুন জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট আলোচনায় অংশ নিয়ে মোকাব্বির খান বাণিজ্যমন্ত্রীর সমালোচনা করেছিলেন। জবাব দিতে এসে মন্ত্রী বলেছিলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলব উনি (মোকাব্বির) দায়িত্ব নিলে আমাকে ছেড়ে দিয়ে উনারে দায়িত্বটা দিতে পারেন। কোনো সমস্যা নেই আমার।’

Share





Related News

Comments are Closed