Main Menu

জুড়ীতে ছোট ভাইদের হাতে বড় ভাই খুন

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে জমিসংক্রান্ত বিষয় নিয়ে ছোট ভাইদের হামলায় বড় ভাই আব্দুল হামিদ খুন হয়েছেন।

জানা যায়, উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের মৃত হাজী আব্দুল লতিফের পুত্র আব্দুল হামিদ কালা মিয়া (৬০) দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সেখানে থাকাবস্থায় নিজের নামে বাড়ির অদূরে জায়গা ক্রয় করেন। দেশে এসে এসব জায়গার ভাগভাটোয়ারা নিয়ে ভাইদের সাথে মতবিরোধ দেখা দেয়।

এ নিয়ে কয়েকবার এলাকায় সালিশ বৈঠকে মিমাংসা না হলে কোর্টে মামলা হয়। মঙ্গলবার (২৭ জুন) সকালে আব্দুল হামিদ কালা মিয়া তার জমিতে চাষ করার উদ্দেশ্যে কাজ শুরু করলে তার ভাই আব্দুল জলিল, ফারুক মিয়া ও চাচাতো ভাই আব্দুল খালিক বাঁধা দেন। এ সময় তাকে জমিতেই পিটিয়ে হত্যা করা হয়।

অভিযুক্ত আব্দুল জলিল বড়লেখা উপজেলার সুজানগর সিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অপর দুইজন সৌদি প্রবাসী।

নিহতের ছেলে আপ্তাব মিয়া বলেন, আমার বাবা অসুস্থ মানুষ। আমার চাচাদের আপত্তিতে আব্বা অনেকদিন থেকে কাজ স্থগিত রেখেছেন। কিন্তু কোন সুরাহা হয়নি। সকালে আব্বা জমিতে গেলে চাচারা সেখানেই আব্বাকে হত্যা করে। আমার বাবা হত্যার উপযুক্ত বিচার চাই।

জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের এজাহার অনুযায়ী মামলা গ্রহণ করা হবে। লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed