Main Menu

জৈন্তাপুরে পৃথক বজ্রপাতে তিন শিশুর মৃত্যু

জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে পৃথক বজ্রপাতে তিন শিশুর মৃত্যু হয়েছে ৷ শুক্রবার (২১ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার দরবস্ত ইউনিয়নের বিসনাটেক গ্রামে ২শিশুর মৃত্যু হয়েছে এবং ঐদিন বিকাল সাড়ে ৪টায় জৈন্তাপুর ইউনিয়নের ৪ নম্বর বাংলা বাজার বেঙ্গল ষ্টোন ক্রাশার এলাকায় ১শিশুর মৃত্যু হয়েছে। জেলা প্রশাসকের পক্ষ হতে নিহতদের পরিবারে সহায়তা প্রদান করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টায় উপজেলার বিসনাটেক গ্রামে বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় আম কুড়াতে গিয়ে বিসনাটেক গ্রামের সুলেমান আহমদের ছেলে নাঈম আহমদ (৮) এবং মৃত দেলোয়ার হোসেনের মেয়ে আঞ্জুমা বেগম (৬) বজ্রপাতের কবলে পড়ে নিহত হয়। স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। দুই শিশু পারিবারিক সম্পর্কে মামাতো বোন ও ফুফাতো ভাই।

একইদিন বিকাল সাড়ে ৪টায় জৈন্তাপুর ইউনিয়নের ৪ নম্বর বাংলাবাজারে বেঙ্গল ষ্টোন ক্রাশার সংলগ্ন পাথর সাইটে বজ্রপাতের কবলে পড়ে বাংলাবাজার গ্রামের আলম মিয়ার ছেলে ইমন আহমেদ (১০) নিহত হয়। ইমনের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় ব্যবসায়ী সাইদুল ও শহীন উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষনা করেন।

বজ্রপাতের ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (এসিল্যান্ড) রিপামনি দেবী শোকাহত পরিবার গুলোকে দেখতে যান এবং ঘটনার খোঁজ খবর নেন ৷ পরে তিনি সিলেট জেলা প্রশাসক মো. মজিবর রহমানের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা করে তিনটি পরিবারকে মোট ৬০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।

 

Share





Related News

Comments are Closed