Main Menu

শ্রীমঙ্গলে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহি প্রকৌশলী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুবাহী ট্রাকের চাপায় প্রকৌশলী মো. আব্দুল কাদির সুন্দর মিয়া (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ মার্চ) বেলা আড়াইটায় ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কে শ্রীমঙ্গলের উত্তরসুর শাহজীবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. আব্দুল কাদির সুন্দর মিয়া (ইঞ্জিনিয়ার) শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডের কাদির ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সত্ত্বাধিকারী হাফেজ শাহ মো. আমির উদ্দিনের বাবা। তাদের বাড়ি শ্রীমঙ্গলে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের খোশবাস এলাকার।

স্থানীয় সূত্রে জানা যায়, আশিদ্রোন খোশবাস এলাকা থেকে শ্রীমঙ্গল শহরে মোটরসাইকেলযোগে আসছিলেন মো. আব্দুল কাদির। পথে শাহজীবাজারের প্রবেশ মুখে এলে শ্রীমঙ্গল থেকে যাওয়া একটি বালুবাহী ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি।

পরে খবর পেয়ে শ্রীমঙ্গলের ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল সদর হাসপাতালে ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেল সোয়া ৪টার দিকে তাঁর মত্যু হয়।

নিহতের ছেলে শাহ মো. আমির উদ্দিন বলেন, আমার ভাই প্রবাসে থাকেন। তিনি প্রবাস থেকে এলে বুধবার (১৫ মার্চ) বাদ আছর আমার বাবার জানাজা ও দাফন অনুষ্ঠিত হবে।

শ্রীমঙ্গলের সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব বিন ইসলাম বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন। এ দুর্ঘটনায় কেউ এখনও কোনো মামলা করেনি। মরদেহ সিলেট থেকে শ্রীমঙ্গল নিয়ে আসা হয়েছে।

Share





Related News

Comments are Closed