Main Menu

জকিগঞ্জে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে বাবা-ছেলে নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ মার্চ) সকালে উপজেলার বারহাল ইউনিয়নের পরচক বটরতল বাজারে সিলেট-জকিগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

নিহতরা হলেন, গোলাপগঞ্জ উপজেলার নারাপিংয়ের শেরপুরের ফলিক আহমদ (৪৫) ও তার ছেলে শাহিন আহমদ (৮)।

স্থানীয় সূত্র জানায়, সকালে সিএনজি চালিত অটোরিকশাযোগে ফলিক আহমদ জকিগঞ্জের বারহাল ইউনিয়নের শাহবাগ এলাকায় তার শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। সকাল পৌনে ১১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের পরচক বটরতল এলাকায় পৌঁছার পর অটোরিকশার সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি খাদে পড়ে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় শাহিন। গুরুতর আহত ফলিক আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর তার মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, দুর্ঘটনাকবলিত সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার পরই মাইক্রোবাসটি পালিয়ে যায়। গাড়িটি শনাক্তে পুলিশ কাজ করে যাচ্ছে।

Share





Related News

Comments are Closed