Main Menu

কোম্পানীগঞ্জে পাচারকারীর মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার মাঝেরগাঁও গ্রামে ভারত থেকে পাচার করা চিনি বহনকারি মোটরসাইকেলের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত নাঈম (১১) উপজেলার উত্তর রণীখাই ইউনিয়নের বিজয়পাড়ুয়া (মাঝেরগাঁও) গ্রামের আল আমিনের ছেলে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে মাঝেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভাড়ায় চালিত মোটরসাইকেল দিয়ে অবৈধ মাদক, চিনি সহ বিভিন্ন পণ্য পরিবহন করা হয়। নাম্বার বিহীন এসব মোটরসাইকেল খুব বেপরোয়া গতিতে চলে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। অবৈধ এসব মোটরসাইকেল দিয়ে পাচার ঠেকাতে না পারলে আরো বড় বড় দুর্ঘটনা ঘটবে।

নিহতের পিতা আল আমিন জানান, ভারত থেকে চিনি পাচারের সময় বিজিবি একটি মোটরসাইকেলকে ধাওয়া দেয়। তখন মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে ছুটতে থাকে। বেপরোয়া গতির কারণে রাস্তায় সে আমার ছেলের ওপর মোটরসাইকেলটি উঠিয়ে দেয়। এতে মারাত্মক আহত হয় নাঈম। তাৎক্ষণিক নাঈমকে নিয়ে আমরা হাসপাতালে যাই। শুক্রবার সকাল ৬টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নাঈম মারা যায়।

উৎমা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার তারিকুল বলেন, পাচারকৃত চিনি সহ মোটরসাইকেলটি ক্যাম্পে আনা হয়েছে। বিজিবি অবৈধ পাচার বন্ধে প্রয়োজনীয় টহল জোরদার করেছে।

উত্তর রণিখাই ইউনিয়ন চেয়ারম্যান ফয়জুর রহমান বলেন, বৃহস্পতিবার রাতে মেডিকেল থেকে তারা আমাকে ফোনে বিষয়টি বলেছে। অবৈধ পাচারকারীদের মোটরসাইকেলের ধাক্কায় শিশুটি আহত হয়েছিল। তাদেরকে আইনের দারস্থ হওয়ার পরামর্শ দিয়েছি। অবৈধ পাচারকারীদের বিরুদ্ধে বিজিবি ও পুলিশের আরো জোড়ালো প্রদক্ষেপ গ্রহণ করা দরকার।

কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জানান, মোটরসাইকেলের ধাক্কায় এক শিশুর মৃত্যুর খবর পেয়েছি। লাশ পোস্টমর্টেমের জন্য ওসমানী মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

Share





Related News

Comments are Closed