Main Menu

বিএনপির গণমিছিলের নতুন তারিখ ঘোষণা

বৈশাখী নিউজ ডেস্ক: সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করাসহ ১০ দফা দাবিতে পূর্বঘোষিত গণমিছিল কর্মসূচি ২৪ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর শুক্রবার পালন করবে বিএনপি। তবে, ঢাকা বাদে সারা দেশে ২৪ ডিসেম্বর গণমিছিলের যে কর্মসূচি আছে, জেলা ও মহানগরে সেটি অব্যাহত থাকবে।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

নজরুল ইসলাম খান বলেন, যেহেতু বিএনপি সংঘাত চায় না, শান্তিপূর্ণ উপায়ে সংকট নিরসন করতে চায় এবং সমস্যার সমাধান চায়, আর যেহেতু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ২৪ তারিখে তাদের কাউন্সিলের কারণে আমাদের কর্মসূচি পরিবর্তন প্রত্যাশা করেছেন এবং আমাদের প্রতি আহ্বান জানিয়েছেন সেজন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে রাজনৈতিক আচরণ করতে চাই। তাই ২৪ ডিসেম্বরের কর্মসূচি আমরা পুনর্বিন্যাস করেছি।

তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু ঢাকায় আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে সেজন্য ২৪ তারিখে আমরা ঢাকায় গণমিছিল করব না। তবে, ঢাকা বাদে সারা দেশে গণমিছিলের যে কর্মসূচি আছে, জেলা ও মহানগরে, সেটি অব্যাহত থাকবে। আর ঢাকায় ২৪ তারিখের পরিবর্তে ৩০ তারিখে গণমিছিল করব।

‘৩০ ডিসেম্বর’কে গণমিছিলের জন্য নির্ধারণ প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, অনির্বাচিত সরকারের বিরুদ্ধে আমাদের যে আন্দোলন, সেই লড়াইয়ে জনগণকে ৩০ ডিসেম্বর স্মরণ করিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ। কারণ ২০১৮ সালের এই তারিখে দিনের ভোট রাতে করে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। সেজন্য সিদ্ধান্ত নিয়েছি, আগামী ৩০ ডিসেম্বর ঢাকা মহানগরীতে আমাদের ১০ দফা দাবির আলোকে যে লড়াই, সেই লড়াই এগিয়ে নিতে গণমিছিল করব।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংঘাত এড়ানোর পাশাপাশি ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের আহ্বানে সাড়া দিতে কর্মসূচিতে এমন পরিবর্তন আনা হয়েছে। বিভাগীয় সমাবেশে নানাভাবে বাধা দেয়া হয়েছে। পরিবহন বন্ধ, সভাস্থলের অনুমতি দিতে বিলম্ব, নেতা-কর্মীদের গ্রেপ্তার- এমন নানাভাবে আমাদের সমাবেশ পণ্ড করার ব্যর্থ চেষ্টা চালানো হয়েছে। তাদের এই জঘন্য কাজ নেতা-কর্মীদের ত্যাগের বিনিময়ে, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিটি সমাবেশ সফল করতে সক্ষম হয়েছি।

আমরা সংঘাত চাই না দাবি করে দলটির কেন্দ্রীয় এ নেতা বলেন, ৭ ডিসেম্বর আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে বর্বর হামলা, মকবুলকে হত্যা, নেতার বাসায় গিয়ে তার বাবাকে হত্যা, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতা-কর্মীদের গ্রেপ্তার, তাদের নামে মিথ্যা গায়েবি মামলার পরও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সব সমাবেশ সফল করেছি।

এর আগে, বিএনপির দেশব্যাপী গণমিছিল কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিন আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন থাকায় এ আহ্বান জানান তিনি।

 

Share





Related News

Comments are Closed