Main Menu

বিয়ানীবাজারে ছাত্রলীগের বাধায় পণ্ড বিএনপির কর্মসূচি, পথচারি আহত

বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের বিয়ানীবাজারে ছাত্রলীগের বাধার মুখে পণ্ড হয়েছে বিএনপির সিলেট বিভাগীয় মহাসমাবেশ নিয়ে প্রচারণার কর্মসূচি। পরে সংক্ষিপ্ত পথসভা করে বিএনপি নেতৃবৃন্দ ছাত্রলীগের বাধার মুখে বিয়ানীবাজার পৌরশহর ত্যাগ করেন। এর আগে দুই দলের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে দুলাল আহমদ নামের একজন পথচারি আহত হয়েছেন। আহত দুলাল আহমদকে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

জানা যায়, আগামী ১৯ নভেম্বর সিলেটে মহাসমাবেশকে সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণী অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা মিছিল সহকার দক্ষিণ বাজার নিউ মোস্তফা হোটেলের সামনে জড়ো হোন। খবর পেয়ে বিয়ানীবাজার ছাত্রলীগের বিবাদমান কয়েকটি গ্রুপ মিছিল সহকারে বিয়ানীবাজার পৌর শহরের কলেজ রোড পয়েন্টে এসে জড়ো হয়ে বিএনপির অবস্থানের দিকে এগিয়ে গিয়ে দক্ষিণ বাজার ইসলামী ব্যাংকের সামনে অবস্থান নেয়। এসময় যেকোনো অনাকাঙ্খিত ঘটনা এড়াতে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায়ের নেতৃত্বে দুই দলের মধ্যখানে অবস্থান নেয় বিপুল পুলিশ। ছাত্রলীগ নেতাকর্মীদের বাধার মুখে পড়ে বিএনপি নেতাকর্মীরা সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে তাদের কর্মসুচি শেষ করেন। কর্মসুচির শেষের দিকে বিএনপি নেতাকর্মীরা মিছিল দিতে গেলে তাদেরকে ধাওয়া দেয় ছাত্রলীগ।

এসময় দুই দলের ধাওয়া পাল্টা ধাওয়ায় ইট পাটকেল নিক্ষেপে দুলাল আহমদ নামের একজন পথচারি আহত হন। তিনি জানান, তার বাড়ি আলীনগর ইউনিয়নের টিকরপাড়ায়, টেইলারিং কাজের সাথে তিনি সম্পৃক্ত।

এদিকে, খবর পেয়ে ছাত্রলীগের অভিভাবক সংগঠন আওয়ামীলীগের নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নেতাকর্মীদের শান্ত করেন।

বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান বলেন, আমরা খবর পেয়ে এসে দেখেছি, নেতাকর্মীদের শান্ত করেছি। শান্ত বিয়ানীবাজারে বিএনপির অরাজকতার চেষ্টা রুখে দিয়েছে ঐক্যবদ্ধ ছাত্রলীগ। এসময় তিনি ঐক্যবদ্ধ ছাত্রলীগের ভূয়সী প্রশংসা করেন।

অন্যদিকে, ছাত্রলীগের বাধার কারণে বিএনপির সংক্ষিপ্ত পথসভায় জেলা সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহি সদস্য আবুল কাহের শামীম, বিএনপি নেতা ফয়সল চৌধুরী। পথসভায় তারা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসুচিতে আওয়ামীলীগের হামলার অভিযোগ করেন। তারা বলেন, আমাদের পুর্ব নির্ধারিত কর্মসূচী আমরা শান্তিপূর্ণভাবে করার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেয়। শান্তিপূর্ণ এ কর্মসূচীতে বিনা উস্কানিতে ছাত্রলীগের নির্লজ্জ হামলার ঘটনায় আমরা নিন্দা জানাই।

বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি আহমদ রেজা বলেন, গণতান্ত্রিক আন্দোলনের প্রচারণা করতে গিয়ে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার শিকার হয়েছি আমরা। বাধা দিয়ে সিলেট বিভাগীয় সমাবেশের সফলতা রুখতে পারবে না আওয়ামীলীগ। আগামী ১৯ নভেম্বর সমাবেশে বিয়ানীবাজার থেকে সাধারণ মানুষকে নিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করবেন।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ হিল্লোল রায়ের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য।

Share





Related News

Comments are Closed