Main Menu

সাংবাদিকদের আয়কর দেবেন প্রতিষ্ঠানের মালিক: হাইকোর্ট

বৈশাখী নিউজ ডেস্ক: সাংবাদিক ও গণমাধ্যম প্রতিষ্ঠানের কর্মচারীদের আয়কর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকরা দেবেন বলে রায় দিয়েছে হাইকোর্ট।

নবম ওয়েজ বোর্ডে মন্ত্রিসভা কমিটির দুটি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে করা রিট যথাযথ ঘোষণা করে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করে আইনজীবী ড. কাজী আখতার হামিদ। তার সঙ্গে ছিলেন দিদারুল আলম দিদার।

পরে আইনজীবী দিদার জানান, নবম ওয়েজ বোর্ড অনুসারে সাংবাদিক, প্রেস শ্রমিক এবং সংবাদমাধ্যম অফিসের প্রশাসনিক কর্মকর্তাদের আয়কর দেবেন প্রতিষ্ঠানের মালিকরা। এ-সংক্রান্ত রায় দিয়েছে হাইকোর্ট।

রায়ে আয়কর ও গ্র্যাচুইটির বিষয়ে মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে আদালত।

বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে গঠিত কমিটি নবম ওয়েজ বোর্ড নিয়ে যে সুপারিশ করেছে, তা বহাল থাকবে বলেও রায়ে উল্লেখ করা হয়েছে।

আইনজীবী জানান, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর নবম ওয়েজ বোর্ডের গেজেট প্রকাশিত হয়। ওই ওয়েজ বোর্ডে দেখা যায়, বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে গঠিত কমিটি যে সুপারিশ করেছে, তার শেষে মন্ত্রিসভা কমিটি সুপারিশে দুটি শর্ত জুড়ে দিয়েছে।

শর্তের মধ্যে ছিল সাংবাদিকদের আয়কর যার যারটা সে দেবেন। আর গ্র্যাচুইটি দুটির স্থলে একটি পাবেন।

মন্ত্রিসভার এই শর্তের বিধান চ্যালেঞ্জ করে বাসস এমপ্লোয়ি ইউনিয়নের সেক্রেটারি মাহবুবুজ্জামান ২০২০ সালের ২৩ নভেম্বর হাইকোর্টে রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে ২৫ নভেম্বর হাইকোর্ট রুল জারি করে। ওই রুলের দীর্ঘ শুনানি শেষে রোববার রুলটি যথাযথ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট।

২০১৮ সালের ২৯ জানুয়ারি আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি নিজামুল হককে প্রধান করে ১৩ সদস্যের নবম ওয়েজ বোর্ড গঠন করা হয়। বোর্ড ২০১৮ সালের ২৮ অক্টোবর মজুরি নির্ধারণ করে প্রতিবেদন জমা দেয়।

Share





Related News

Comments are Closed