Main Menu

প্রশাসনের সাথে বৈঠকে সুরাহা হয়নি, ধর্মঘটে অনড় পরিবহন শ্রমিকরা

বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট জেলা প্রশাসকের সাথে বৈঠকের পরও কর্মবিরতির সিদ্ধান্ত থেকে সরে আসেনি সিলেট বিভাগীয় ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। সোমবার সকাল থেকে জেলায় পণ্য পরিবহন বন্ধ রাখার ব্যাপারে অনড় বলে জানিয়েছেন তারা।

সিলেটের সকল পাথর কোয়ারী খুলে দেওয়ার দাবিতে সোমবার সকাল ৬ টা থেকে ৪৮ ঘন্টার এই ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট বিভাগীয় ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

প‌ণ্য পরিবহন শ্রমিকদের ধর্মঘট আহ্বানের প্রেক্ষিতে সোমবার বিকেলে সংগঠনটির নেতাদের সাথে বৈঠক করেন জেলা প্রশাসক মো. মজিবর রহমান। বৈঠকে ধর্মঘট থেকে সরে আসার জন্য অনুরোধ জানান তিনি। তবে এই বৈঠক শেষে ধর্মঘট থেকে সরে না আসার ঘোষণা দেন ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতারা।

এ প্রসঙ্গে সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান বলেন, পাথর উত্তোলনের দাবির প্রেক্ষিতে খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। ৩ নভেম্বর এই কমিটির সদস্যরা সিলেটের কোয়ারিগুলো পরিদর্শনে আসবেন। তারা সরেজমিনে পরিদর্শন করে দেখবেন পাথর উত্তোলনের যৌক্তিকতা আছে কি না। তাদের প্রতিবেদনের ভিত্তিতে সরকার পরবর্তী সিদ্ধান্ত নেবে।

জেলা প্রশাসক বলেন, আজকের বৈঠকে পরিবহন শ্রমিক নেতাদের আমি এ কথা জানিয়েছি। মন্ত্রানলয়ের প্রতিনিধিদের সাথে দেখা করে তারা যাতে নিজেদের দাবি জানাতে পারেন এই সুযোগ করে দেওয়ারও আশ্বাস দিয়েছি। তারা এখানে বৈঠকে ধর্মঘট থেকে সরে আসার কথা জানিয়েছেন। তবে এখান থেকে যাওয়ার পর বলছেন, তাদের অনেকেই নাকি ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত মানছে না।

জেলা প্রশাসকের সাথে বৈঠকে কোন সমাধান হয়নি জানিয়ে সিলেট বিভাগীয় ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ বলেন, আমরা আমাদের কর্মসূচী চালিয়ে যাবো।

 

Share





Related News

Comments are Closed