Main Menu

জাবির ভূগোল বিভাগে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিভাগ এবং বাংলাদেশ জাতীয় ভূগোল সমিতির (বিএনজিএ) এর যৌথ উদ্যোগে (জাবি) “Climate Change and Adaptation Strategies” শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় ভূগোল ও পরিবেশ বিভাগের জিআইএস ল্যাব কক্ষে সেমিনারটির উদ্বোধন হয়।

সেমিনারে ভূগোল ও পরিবেশ বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইমলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. নুরুল আলম এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নেপালের ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক ড. প্রেম সাগর চাপাগাইন।

এসময় প্রধান অতিথি উপচার্য অধ্যাপক ড. নুরুল আলম বলেন, ‘বাংলাদেশে জলবায়ু পরিবর্তন একটি গুরুতর সমস্যা। কারণ,জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকার মধ্যে এই দেশটি অন্যতম। জলবায়ু পরিবর্তন এবং অভিযোজন প্রযুক্তির মতো মূখ্য বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা প্রতিনিয়ত জাতীয় এবং আন্তর্জাতিক জার্নালে তাদের গবেষণা পত্রগুলো প্রকাশ করছে যা বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে উপস্থাপনের পাশাপাশি সর্বজন কর্তৃক সমাদৃত হয়েছে। দেশের একমাত্র আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে এ বিশ্ববিদ্যালয় যেমন প্রচুর উদ্ভিদ-প্রাণী আবাস্থল তেমনি প্রজাপতি ও অতিথি পাখির ক্যাম্পাস হিসেবেও পরিচিত। ১৯৭৩ এর অ্যাক্ট বজায় রেখে এই বিশ্ববিদ্যালয়কে একটি মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত করাই আমাদের মূল লক্ষ্য।’

প্রধান আলোচক ড. প্রেম সাগর চাপাগাইন বলেন, ‘বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনে হিমালয় অঞ্চলে বৃষ্টিপাতের পরিমান কমেছে। বর্ষার শুরুতে এবং শীত মৌসুমে বৃষ্টিপাতের পরিমাণ আশংকাজনকভাবে কমে যাওয়ায় এই অঞ্চলের পানির উৎস শুকিয়ে যাচ্ছে, ফলে খাবার ও সেচকাজ সম্পন্ন করার জন্য পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না। পানি স্বল্পতার কারণে এই পাহাড়ি অঞ্চলগুলোয় টিকে থাকতে ভিন্ন ভিন্ন পন্থা অবলম্বন করতে হচ্ছে। ক্ষেত্রবিশেষে এমন অবস্থায় অভিযোজনের জন্য পাহাড়ে বসাবাসকারী মানুষদের মাইগ্রেশন করতে হচ্ছে। এই অঞ্চলে জলবায়ুর এমন পরিবর্তন প্রভাব ফেলছে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অনান্য দেশগুলোয়।’

সেমিনারে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) ও বিএনজিএ এর সভাপতি অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আকবার হোসেন সহ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও উক্ত সেমিনারের সমন্বয়ক হিসেবে ছিলেন বিএনজিএ মহাসচিব অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম, অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা, অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. বিবি হাফছা ও সহকারী অধ্যাপক মোহাম্মদ রেজাউল রকিব প্রমুখ।

Share





Related News

Comments are Closed