একুশে পদকপ্রাপ্ত নাট্যকার মাসুম আজিজ আর নেই
বিনোদন ডেস্ক: একুশে পদকপ্রাপ্ত নাট্যকার ও অভিনয়শিল্পী মাসুম আজিজ আর নেই। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মারা যাওয়ার খবর নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস।
মঞ্চ ও টিভি নাটকের জ্যেষ্ঠ অভিনয়শিল্পী মাসুম আজিজ ক্যানসারের পাশাপাশি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায়ও ভুগছিলেন। ২০১৭ সালে তাঁর হার্টে চারটি ব্লক ধরা পড়লে অস্ত্রোপচার করা হয়।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ৮ অক্টোবর বৃহস্পতিবার সকালে তাঁকে ‘লাইফ সাপোর্টে’নেওয়া হয়। চিকিৎসকেরা চেষ্টা করছিলেন। তবে সব চেষ্টা ব্যর্থ করে আজ সোমবার (১৭ অক্টোবর) বেলা ২টা ৪৫ মিনিটে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
তিনি স্ত্রী এবং দুই সন্তান রেখে গেছেন। মাসুম আজিজের দাফনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
অভিনয়শিল্পী পরিচয় ছাড়াও মাসুম আজিজ চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা হিসেবে পরিচিত। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের খ্যাতি রয়েছে তাঁর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালীন তিনি থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এরপর ১৯৮৫ সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন। হুমায়ূন আহমেদের ‘উড়ে যায় বকপক্ষী’, সালাউদ্দিন লাভলুর ‘তিন গ্যাদা’সহ অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি।
‘ঘানি’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২০০৬ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে রাইসুল ইসলাম আসাদের সঙ্গে যুগ্মভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মাসুম আজিজ। ‘গহীনে শব্দ’, ‘এই তো প্রেম’, ‘গাড়িওয়ালা’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র ‘সনাতন গল্প’ পরিচালনা করেছেন। ছবিটি ২০১৮ সালে মুক্তি পায়। ২০২২ সালে একুশে পদক পেয়েছেন মাসুম আজিজ।
জানা গেছে, মাসুম আজিজের মরদেহ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখানে রাষ্ট্রীয় ও সর্বসাধারণের শ্রদ্ধা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে পাবনায় গ্রামের বাড়িতে। সেখানেই তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।
একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় নাট্যকার ও অভিনেতা মাসুম আজিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার পৃথক শোক বার্তায় রাষ্ট্রপতি মাসুম আজিজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ও রুহের মাগফিরাত কামনা করেন। মাসুম আজিজের শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি।
অন্য এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাসুম আজিজের রুহের মাগফিরাত কামনা করেন ও গভীর শোক প্রকাশ করেন। প্রধানমন্ত্রী বলেন, অভিনয়ের মাধ্যমেই স্মরণীয় হয়ে থাকবেন এই গুণী শিল্পী।
এদিকে মাসুম আজিজ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। শোক প্রকাশ করেছেন সংস্কৃতি ও বিনোদন জগতের অনেকেই।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed